বাংলাকে বঞ্চনা! সুপ্রিম রায়ের পর কেন্দ্রকে নিশানায় রাজ্য, ১০০ দিনের কাজ নিয়ে চাপানউতোর
১০০ দিনের কাজের প্রকল্পে কেন্দ্রের বকেয়া অর্থ নিয়ে বিতর্ক আরও বেড়ে গেল। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়ে দেয়, "পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ পুনরায় চালু করতেই হবে পাশাপাশি এই প্রকল্পের জন্য বরাদ্দ অর্থও ছাড়তে হবে কেন্দ্রকেই"। আর এর পরেই রাজ্য সরকার ফের ছুটে গেল হাই কোর্টে।
যদিও ১০০ দিনের কাজ নিয়ে একাধিক মামলা এখনও বিচারাধীন কলকাতা হাই কোর্টে। বকেয়া মজুরি থেকে শুরু করে প্রকল্পের অর্থ আটকে রাখার অভিযোগ পর্যন্ত নানা প্রশ্নে আদালতের রায় এখনও অপেক্ষায়। মঙ্গলবার সেই সব মুলতুবি মামলার দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়ে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছে রাজ্য সরকার। আদালত সূত্রে খবর আগামী ৭ নভেম্বর ফের শুনানি হবে এই মামলাগুলির।

গত সোমবার সুপ্রিম কোর্ট হাই কোর্টের আগের নির্দেশই বহাল রেখে বলেছে রাজ্যে ১০০ দিনের কাজ চালু করতে হবে ও কোনও অবস্থাতেই কেন্দ্র প্রকল্পের বরাদ্দ আটকে রাখতে পারে না।
কেন্দ্রের সরকারের পক্ষ থেকে এই রায়কে চ্যালেঞ্জ করা হলেও বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার দদুই বেঞ্চ কেন্দ্রের আবেদন খারিজ করে দেয়।
এদিকে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে
'ইচ্ছে করেই বাংলার প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র।'
২০২১ সালের ডিসেম্বর মাস থেকে রাজ্যের শ্রমিকরা মজুরি পাচ্ছেন না বলে পশ্চিমবঙ্গ খেতমজুর সমিতি মামলা করেছিল। শুধু বকেয়া মজুরিই নয়, দীর্ঘদিন টাকা আটকে রাখার জন্য ০.০৫ শতাংশ হারে সুদ দেওয়ার দাবিও জানিয়েছিল মামলাকারীরা। সেই মামলাও বিচারাধীন।
এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী প্রদীপ মজুমদার কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে
বলেন "বিজেপি শাসিত রাজ্যগুলিতে ১০০ দিনের কাজে বিপুল অর্থ নয়ছয় হয়েছে। তারপরেও সেখানে কেন্দ্রীয় দল পাঠানোর বালাই নেই। কিন্তু বাংলার ক্ষেত্রেই বার বার নানা অজুহাতে টাকা আটকে রাখা হচ্ছে।''
মন্ত্রীর আরও অভিযোগ বাংলার মানুষকে রাজনৈতিক কারণে বঞ্চিত করছে কেন্দ্র।












Click it and Unblock the Notifications