ঘূর্ণাবর্তের প্রভাবে ফের মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
বর্ষা বিদায়ের সময় ঘনিয়ে এলেও, তবে বিদায়ের আগে শেষবারের মতো ভিজতে চলেছে ফের বাংলা। মৌসুমী বায়ুর বিদায়ের ঠিক আগে দক্ষিণ বাংলাদেশে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে ফের সক্রিয় হয়েছে মেঘ,বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও ভারী বৃষ্টির কোনও আশঙ্কা নেই, তবে ছাতা ছাড়া বেরোলেই বিপত্তি হতে পারে।

আবহাওয়াবিদদের মতে, বাতাসের নিম্নস্তরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্তটি। তার প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা সহ কলকাতায় ছড়িয়ে পড়বে মেঘের দাপট। বৃহস্পতিবার থেকেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন ২৬ ডিগ্রির কাছাকাছি। দিনের বেলা রোদ উঁকি দিলেও বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শুক্রবারও বজ্রপাতের সম্ভাবনা থাকছে এক দুই পশলা বৃষ্টির।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৩ থেকে ৪ দিন বিক্ষিপ্ত বৃষ্টি চলবে রাজ্যের দক্ষিণ প্রান্তে। তবে এরপর ধীরে ধীরে কমবে বৃষ্টি, আকাশও পরিষ্কার হবে। তবে এখনই পুরোপুরিভাবে বিদায় নিচ্ছে না বর্ষা, উপরন্তু শেষবারের মতো তার ছোঁয়া ছড়িয়ে দিচ্ছে বাংলার আকাশে।
এদিকে দেশের পশ্চিম ও মধ্যাঞ্চলে ইতিমধ্যেই বিদায় নিতে শুরু করেছে মৌসুমী বায়ু। গুজরাত, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। আবহাওয়া দপ্তরের অনুমান, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে বাকি অংশ থেকেও মৌসুমী বায়ু বিদায় নিতে শুরু করবে।
তবে বাংলায় এখনো শেষ হয়নি বর্ষা। ঘূর্ণাবর্তের প্রভাবে কিছুদিনের জন্য ফিরছে ফুরফুরে আবহাওয়া।












Click it and Unblock the Notifications