Kaliganj Bypoll: বৃষ্টি উপেক্ষা করেই ভোট কালীগঞ্জে, বাকি চার কেন্দ্রেও চলছে ভোটগ্রহণ
দেশের চারটি রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রে এদিন উপনির্বাচন চলছে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র। এদিন বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করেই ভোটাররা ভোট দিচ্ছেন বাংলায়।
কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদ। বিজেপির হয়ে লড়ছেন আশিস ঘোষ এবং কংগ্রেসের প্রার্থী হলেন কাবিলউদ্দিন শেখ।

বৃষ্টি মাথায় নিয়েই ভোটাররা বুথের বাইরে লাইনে দাঁড়িয়ে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। নির্বাচন কমিশন প্রবীণ নাগরিকদের জন্য বাড়িতে গিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করলেও, অনেকে বয়স উপেক্ষা করে বুথে এসেই ভোট দিতে পছন্দ করছেন। তাঁদের মতে, ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়াতেই তাঁরা স্বাচ্ছন্দ্য বোধ করেন।
একই দিনে পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম, গুজরাতের কাদি ও বিসাবদর, এবং কেরলের নিলম্বুরেও ভোটগ্রহণ চলছে। এই কেন্দ্রগুলিতে বিভিন্ন কারণে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। লুধিয়ানা পশ্চিমে আপ বিধায়কের মৃত্যুর কারণে, কাদিতে বিধায়কের প্রয়াণের ফলে এবং বিসাবদরে বিধায়কের পদত্যাগের কারণে উপনির্বাচন হচ্ছে। কেরলের নিলম্বুরে নির্দল বিধায়ক ছিলেন পিভি আনবর। সব কেন্দ্রে ভোটগণনা সোমবার অনুষ্ঠিত হবে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ থেকে জয়ী হয়েছিলেন নাসিরুদ্দিন আহমেদ। তাঁর প্রয়াণের পর থেকে এই আসনটি বিধায়কহীন ছিল। উপনির্বাচনের ফলাফল কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভবিষ্যৎ নির্ধারণ করবে। রাজনৈতিক দলগুলি এখন ফলাফলের দিকে তাকিয়ে।












Click it and Unblock the Notifications