লোকসভা নির্বাচনে BJP-TMC-এর তীব্র লড়াই! ক'টি করে আসন পেতে পারে, কী বলছে Mood of the Nation Poll
প্রধানমন্ত্রী সংসদে দাবি করেছেন এনডিএ এবার চারশোর বেশি আসনে জয় পাবে। তার মধ্যে ৩৭০ আসন হবে বিজেপির। সেই লক্ষ্যে পৌঁছতে গেলে দক্ষিণ ভারতের পাশাপাশি পূর্ব ভারত থেকে বেশি সংখ্যায় আসন পেতে হবে বিজেপিকে। ফলে নজর রয়েছে বাংলার দিকে। বিজেপির দাবি এবার তারা বাংলা থেকে ৩৫ আসন পাবেন। পাল্টা তৃণমূলের দাবি আগের বারে থেকে বেশি আসনে জয় পাবে তারা।
সেই পরিস্থিতিতে ইন্ডিয়া টুডের মুড অফ দ্য নেশন পোলের ফেব্রুয়ারি সংস্করণ প্রকাশিত হয়েছে। সেখানে অন্য রাজ্যগুলির মতো পশ্চিমবঙ্গ নিয়েও ভবিষ্যদ্বাণী করা হয়েছে। সেখানে বলা হয়েছে ১৫ ডিসেম্বর, ২০২৩ থেকে ২৮ জানুয়ারি, ২০২৪-এর মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছে। সারা দেশে ৩৫৮০১ জন উত্তরদাতার মন্তব্য রেকর্ড করার কথা জানানো হয়েছে।

ইন্ডিয়া টুডের মুড অফ দ্য নেশন পোলে বলা হয়েছে, বিজেপি ২০২৪-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে ১৯ টি আসন পেতে পারে। সেখানে তৃণমূল পেতে পারে ২২ টি আসন। কংগ্রেস পেতে পারে একটি আসন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে লোকসভার আসন সংখ্যা ৪২।
এখানে আরও উল্লেখ করা যেতে পারে ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ১৮ টি আসন, তৃণমূল পেয়েছিল ২২ টি আসন। সেখানে নেক টু নেক লড়াই হয়েছিল। অন্যদিকে কংগ্রেস পেয়েছিল দু'টি আসন। পরে উপনির্বাচনে বিজেপি আসানসোল আসনটি হারায় তৃণমূলের কাছে।
সেই পরিস্থিতিতে এবার বিজেপির জন্য ১৯ আসন পাওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ বাংলায় বিজেপির পারফরমেন্সের সামান্য উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। ২০২৪-এর নির্বাচনে বিজেপি বাংলা থেকে ৪০ শতাংশ ভোট পেতে পারে। যা ২০১৯-এর কাছাকাছি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস পেতে পারে ৫৩ শতাংশ ভোট। যা ২০১৯-এর তুলনায় চার শতাংশ কম। অন্যরা পেতে পারে সাত শতাংশের মতো ভোট। ইন্ডিয়া টুডের সমীক্ষায় এমনটাই প্রকাশ করা হয়েছে।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন তাঁর দল তৃণমূল কংগ্রেস বাংলায় একাই প্রতিদ্বন্দ্বিতা করবে। তিনি আরও দাবি করেছেন, বিজেপিকে হারাতে তাঁর দল একাই যথেষ্ট। এখন ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে মে মাস পর্যন্ত।












Click it and Unblock the Notifications