গোটা পঞ্চায়েতেই নেই তৃণমূলের প্রতীক! সবাই এখানে নির্দল, আজব-কাণ্ড এবার ভোটে
এ যেন উলট পুরান। পুরো একটা গ্রাম পঞ্চায়েতের কোনও আসনে নেই তৃণমূলের প্রতীক। তৃণমূলের প্রার্থী আছে, কিন্তু প্রতীক নেই। তাও আবার এক-আধটা নয়, প্রতি আসনেই একাধিক প্রার্থী।
এ যেন উলট পুরান। পুরো একটা গ্রাম পঞ্চায়েতের কোনও আসনে নেই তৃণমূলের প্রতীক। তৃণমূলের প্রার্থী আছে, কিন্তু প্রতীক নেই। তাও আবার এক-আধটা নয়, প্রতি আসনেই একাধিক প্রার্থী। কিন্তু কেউই পেলেন না প্রতীক। তৃণমূল অভিনব পন্থা নিল গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে। উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত ঘটল এমন বিরল ঘটনা।

গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে ১৬টি আসন। সবকটি আসনেই তৃণমূলের একাধিক প্রার্থী। কেউই প্রার্থীপদ প্রত্যাহারে রাজি নয়। সবাই চান দলীয় টিকিট পেতে। আর সেই লক্ষ্যেই লড়াই উভয়ের। মনোনয়ন প্রত্যাহারের শেষদিন পর্যন্ত কাউকেই বোঝানো যায়নি। এই অবস্থায় তৃণমূল অভিনব পন্থা নিল। কাউকেই টিকিট দিল না সরকারিভাবে।
সেইসঙ্গে তৃণমূল নেতৃত্ব সাফ জানিয়ে দিল, যাঁরা জিতে আসবেন তাঁদেরই সরকারিভাবে দেওয়া হবে দলীয় প্রতীক। এই সিদ্ধান্তের ফলে চূড়ান্ত হয়ে গেল গ্রাম পঞ্চায়েত নির্বাচনের ব্যালটে থাকবে না কোনও দলীয় প্রতীক। সারা রাজ্যে এই ঘটনা বিরল যে, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতীক ছাড়াই নির্বাচন হবে।
কিন্তু কীসের এই দ্বন্দ্ব। যে দ্বন্দ্ব মেটানো গেল না মনোনয়নের প্রত্যাহারের দিন পর্যন্তও। আসলে এই লড়াই দুই বিধায়কের লড়াই। এবার তাঁদের অনুগামীরাই সম্মুখ সমরে। গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত ইসলামপুর ব্লকের অন্তর্গত। আবার এই এলাকা চোপড়া বিধানসভার অধীন।
ফলস্বরূপ ইসলামপুরের বিধায়ক কানাইলাল আগরওয়াল ও চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। উভয়েই প্রভাব খাটাতে গিয়ে তাঁদের অনুগামীদের এগিয়ে দেন। তার ফলেই দুই বিধায়কের অনুগামীরা দাবিদার হয়ে ওঠেন ওই পঞ্চায়েতের দলীয় টিকিট পাওয়ার। কিন্তু উভয়ের বিরোধী মিটিয়ে কাউকেই টিকিট দেওয়া সম্ভব হয়নি।
এই ব্যবস্থায় দুই বিধায়কই খুশি। উভয়েরই বক্তব্য, প্রত্যেক আসনেই একাধিক প্রার্থী টিকিট পাওয়ার যোগ্য ছিল। সকলেই দক্ষ কর্মী। সেই কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সবাই যখন চাইছে লড়তে, সবাই লড়ুক। সবাই তৃণমূলের ঝান্ডা নিয়ে লড়াই করবে। শুধু প্রতীক থাকবে না। মানুষ যাঁকে চাইবেন, তাঁকে নির্বাচিত করবেন। এটা গোষ্ঠীদ্বন্দ্ব নয় বলে জানান উভয়েই।












Click it and Unblock the Notifications