লক্ষ্য পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন! রণক্ষেত্র নলহাটি, মাথা ফাটল প্রাক্তন সিপিএম সাংসদের
পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নকে ঘিরে সংঘর্ষ অব্যাহত বৃহস্পতিবারেও।অভিযোগ, রামপুরহাট ব্লক অফিসে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় তৃণমূলের দুষ্কৃতীদের ছোঁড়া ইটের আঘাতে মাথা ফাটে সিপিএম-এর প্রাক্তন সাংসদের।
পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নকে ঘিরে সংঘর্ষ অব্যাহত বৃহস্পতিবারেও। অভিযোগ, রামপুরহাট ব্লক অফিসে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় তৃণমূলের দুষ্কৃতীদের ছোঁড়া ইটের আঘাতে মাথা ফাটে সিপিএম-এর প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোমের। ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয়। শুক্রবার ফের মনোনয়ন জমার জন্য মিছিল করা হবে বলে জানিয়েছেন রামচন্দ্র ডোম।

সকাল থেকে উত্তপ্ত বীরভূমের নলহাটির একনম্বর ও দুনম্বর ব্লক। সকাল থেকেই দুটি ব্লকের একাধিক জায়গায় চলছে বোমাবাজি। আর ব্লক অফিসের সামনে ক্যাম্প করে চলেছিল তৃণমূলের পাহারা।
ব্লক অফিসের কাছেই মিছিল করে যাওয়ার সময় সময় প্রবল বাধা দেয় ক্যাম্প করে থাকা তৃণমূলের সমর্থকরা। পাল্টা প্রতিরোধ করে সিপিএম-কংগ্রেস সমর্থকরাও। তৃণমূলের ছোঁড়া ইটের আঘাতে মাথা ফাটে সিপিএম-এর প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোমের। সংঘর্ষের আরও বেশ কয়েকজন আহত হন। সঙ্গে সঙ্গে তাদের নিয়ে যাওয়া হয় ব্লক স্বাস্থ্য কেন্দ্রে।
ঘটনায় পুলিশের বিরুদ্ধে শূন্যে গুলি চালনার অভিযোগও উঠেছে। যদিও পুলিশের তরফ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

সিপিএমের প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম জানিয়েছেন, প্রার্থী, সমর্থক প্রস্তাবক এবং কংগ্রেসে প্রার্থী ও তাদের প্রস্তাবকদের নিয়ে মিছিল করে যাচ্ছিলেন তাঁরা। এই সময়ই হামলা চালায় তৃণমূল।
সিপিএম ও কংগ্রেসের মিছিলের সামনে আদিবাসীরা তির-ধনুক নিয়ে থাকলেও, সেটাকে সশস্ত্র মিছিল বলতে রাজি নন রামচন্দ্র ডোম। দুষ্কৃতী রাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গে গণতন্ত্র ভূলুণ্ঠিত বলে অভিযোগ করেছেন তিনি। আগে থেকে পুলিশকে বলা হলেও, মিছিলে কোনও নিরাপত্তা ছিল না বলে অভিযোগ করেছেন রামচন্দ্র ডোম। এমন কী ব্লক অফিসে গিয়ে বিডিওকেও পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন তিনি। শুক্রবার প্রার্থী-প্রস্তাবকদের নিয়ে ফের মিছিল করা হবে বলে জানিয়ে রামচন্দ্র ডোম।












Click it and Unblock the Notifications