একদিনে বাংলায় করোনা সংক্রমণের সংখ্যা ৪৪০ জন ও মৃত্যু ১০ জনের
একদিনে বাংলায় করোনা সংক্রমণের সংখ্যা ৪৪০ জন ও মৃত্যু ১০ জনের
ভারতের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাস। যা নিয়ে বেশ দুঃশ্চিন্তায় রয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার একদিনের মধ্যে রাজ্যে করোনা আত্রান্তের সংখ্যা বেড়ে গিয়েছে ৪৪০ জন ও নতুন ১০ জনের মৃত্যু হয়েছে।

রাজ্যে এখনও পর্যন্ত করোনা সংক্রমণের সংখ্যা ৯,৭৬৮ ও ১০ জন নতুন মৃত্যু সহ মোট মৃত্যু ৪৪২। সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি রাজ্যে করোনায় সুস্থ হয়ে উঠেছেন ৩,৯৮৮ জন। বৃহস্পতিবার আরও ২০৯ জন সুস্থ হওয়ার খবর পাওয়া যায়। যেখানে দেশে সুস্থ হওয়ার হার ৪৯ শতাংশের বেশি সেখানে এ রাজ্যে সুস্থ হওয়ার হার ৪০.৮২ শতাংশ। তবে সরকারি হাসপাতালে তুলনায় কোভিড–১৯ চিকিৎসার ক্ষেত্রে বেসরকারি হাসপাতালের সংখ্যা বেশি। যদিও রাজ্য সরকার থেকে অভিযোগ জানানো হয়েছে যে করোনার চিকিৎসায় বেসরকারি হাসপাতালগুলি ১০ শতাংশ থেকে আর বেড সংখ্যা বাড়াতে অনিহা দেখিয়েছে।
রাজ্যে কোয়ারেন্টাইন কেন্দ্রের সংখ্যা ৫৮২টি এবং সেখানে রয়েছেন ১৮ হাজারের বেশি মানুষ। এখনও পর্যন্ত সরকারি কোয়ারেন্টাইন কেন্দ্র থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৭৫,৬১২ জনকে। বিভিন্ন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদেরও এইসব কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রাজ্য সরকার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন যে লকডাউন ওঠার পর নতুন করোনা রোগীদের ক্ষেত্রে যাদের হাল্কা উপসর্গ বা কোনও উপসর্গ নেই তাঁদের জন্য আলাদা আইসোলেশন কেন্দ্র খোলা হবে। কারণ তাঁদের বাড়িতে রাখা ঝুঁকিপূর্ণ।
বাংলার মধ্যে কলকাতায় সবচেয়ে বেশি করোনা সংক্রমণের সন্ধান মিলেছে। এই শহরে মোট করোনা সংক্রমণের সংখ্যা ৩,২৪৫ ও বৃহস্পতিবার আরও ১১৭ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। মৃত্যুর সংখ্যাও অন্যান্য জেলার তুলনায় কলকাতায় বেশি। এখনও পর্যন্ত এ শহরে করোনায় মৃত্যু হয়েছে ২৭৯ জনের ও বৃহস্পতিবার আরও ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।












Click it and Unblock the Notifications