তৃণমূলে এবার নিচু তলার কর্মীরাও 'সুর-তাল' কাটছেন! কোচবিহারে গোষ্ঠীকোন্দল কোথায় গিয়ে পৌঁছল
বহুদিন ধরেই তৃণমূলের একাধিক নেতাকে 'বেসুরো' হতে দেখা গিয়েছে। এবার কোনও নেতা নন, নেতাদের পর এবার তৃণমূলের নিচু তলার কর্মীদের ক্ষোভ প্রকাশ্যে আসতে শুরু করল। আর তা দেখা গেল কোচবিহারের পুর প্রশাসক পদ ঘিরে। সেখানে পুর প্রশাসকের বিরুদ্ধে এবার খোলাখুলি সাংবাদিক সম্মেলনের রাস্তায় হাঁটলেন কর্মীরা।

কোচবিহারে তুঙ্গে কোন্দল!
কোচবিহার পুরসভার পুর প্রশাসক ভূষণ সিং কয়েকদিন আগে প্রকাশ্যে মুখ খুলে জেলার নেতাদের বিরুদ্ধে সরব হন। তাঁর টার্গেট থেকে বাদ যাননি জেলা সভাপতি পার্থরপ্রতীম রায়। এরপরই দেখা গেল নিচু তলার তৃণমূল কর্মীদের ক্ষোভের প্রকাশ। যা গিয়ে পড়ল ভূষণ সিংয়ের বিরুদ্ধে।

পদ নিয়ে চাপানোতর
মূলত , তৃণমূল কর্মীদের এই সাংবাদিক বৈঠক পার্থপ্রতীম গোষ্ঠীর তরফে এসেছে। যদিও তাকে আমল দিতে চাইছেন না ভূষণ সিং। তিনি সাফ জানিয়েছেন যে, যাঁরা তাঁর পদত্যাগ চাইছেন তাঁরা কেউ পদ দেননি। পদ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে নেত্রী বললেই একমাত্র তিনি পদ ছাড়বেন।

কেন বাগে আনা যাচ্ছে না গোষ্ঠী কোন্দল!
তৃণমূলে ক্রমাগত নেতার সংখ্যা অনুযায়ী বাড়তে শুরু করেছে গোষ্ঠীর সংখ্যা। দলের মধ্যে একাধিক গোষ্ঠীর জেরে সংঘাত বহু এলাকাতেই চরমে। এদিকে, দল থেকে একের পর এক হেভিওয়েট পদ্ম শিবিরে যোগদান করায় , খুব একটা কড়া হাতে কোন্দল দমনে নেতাদের নিয়ে কড়া হওয়ার রাস্তাতেও হাঁটতে পারছে না তৃণমূল। ফলে সংকট এখন তৃণমূলে উভয় দিকেই।

অভিষেকের সফর ও উত্তরবঙ্গ
এদিকে, গত ৪ থেকে ৮ জানুয়ারি উত্তরবঙ্গে একাধিক এলাকায় সফরে গিয়ে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে কোচবিহারের বিধায়ক দল ছেড়েছেন, সেই জায়গা থেকে কোচবিহার নিয়ে তৃণমূল বেশ উদ্বিগ্ন। তবে অভিষেক উত্তরবঙ্গ ছাড়ার পরই কোচবিহারের গোষ্ঠীকোন্দল ফের জমাট বাঁধায় উদ্বেগের অন্ত নেই নেতৃত্বের!












Click it and Unblock the Notifications