রাজ্যের ঘাড় থেকে নামছেই না চিটফান্ডের ভূত - ফের সিবিআই হানা রাজ্যে
পশ্চিমবঙ্গে ফিরল চিট ফান্ড জালিয়াতি। শিলিগুড়ি থেকে আরেক জালিয়াত চিট ফান্ড মালিককে গ্রেফতার করেছে সিবিআই।
এযেন এক নাছোড় ভূতের গল্প। শত ওঝা ঝাড়ফুঁকেও তার দৌরাত্ম থামানো যাচ্ছে না। শনিবার ফের রাজ্যে ভূয়ো চিটফান্ডের কারবারি ধরতে হানা দিল সিবিআই। শিলিগুড়ি থেকে গ্রেফতার করা হল সুব্রত মজুমদার নামে এক চিটফান্ড জালিয়াতকে। তাঁর বিরুদ্ধে ২০০ কোটি টাকা জালিয়াতির অভিযোগ রয়েছে।

অ্যানেক্স ইনফ্রাস্ট্রাকচার নামে এক চিটফান্ড সংস্থা গড়ে এই জালিয়াতির কারবার ফেঁদে বসেছিলেন সুব্রত ও তাঁর পুত্র প্রসেনজিৎ মজুমদার। সারদা, রোজভ্যালি, প্রয়াগ -এর মতো অন্যান্য জাল চিটফান্ডের মতোই একই কায়দায় প্রচুর মুনাফার স্বপ্ন দেখিয়ে বাজার থেকে টাকা তুলেছিল তারা। কিন্তু সময় এলে সুদ আসল কিছুই পাননি আমানতকারীরা। রাজ্যে একের পর এক জাল চিটফান্ড ধরা পড়ার পরও তারা এভাবে কারবার চালিয়ে গিয়েছে।
অবশেষে, দীর্ঘদিন ধরে অভিযোগ পাওয়ার পর, এদিন সুব্রতকে গ্রেফতার করে সিবিআই কর্তারা। তবে শেষ মুহূর্তে তাদের চোখে ধূলো দিয়ে পালিয়েছে সুব্রতর পুত্র প্রসেনজিৎ মজুমদার। তাঁর খোঁজ চলছে। সিবিআই জানিয়েছে শুধু পশ্চিমবঙ্গ নয়, ভুবনেশ্বরেও জাল ছড়িয়েছিল এই পিতা-পুত্রের জালিয়াত জুটি। তাই পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশাতেও অ্যানেক্স ইনফ্রাস্টাকচারের কোথায় কী সম্পত্তি আছে খতিয়ে দেখা হচ্ছে। সেসমস্তই বাজেয়াপ্ত করা হবে।
সুদীপ্ত সেন, গৌতম কুন্ডুদের গ্রেফতারির পর মনে করা হয়েছিল রাজ্য থেকে সাফ হয়েছে চিট ফান্ড প্রতারণার ময়লা। কিন্তু চিট ফান্ড প্রতারণার গল্প শেষ হয়েও শেষ হচ্ছে না। আরও অদ্ভূত ব্যাপার এক সতর্কতার পরও বহু মানুষ অতিরিক্ত মুনাফার লোভে এখনও চিটফান্ডেই লগ্নি করে যাচ্ছেন।












Click it and Unblock the Notifications