বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ! দক্ষিণবঙ্গে নানা জায়গায় শুরু বৃষ্টি, কোন জেলার কী আপডেট?
বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন নিম্নচাপের জেরে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী একাধিক এলাকাগুলিতে। আগেই এই আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই অবস্থা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে চলেছে। আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তনে ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি দেবে। তবে জল জমা ও ভোগান্তির আশঙ্কাও থাকছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, মধ্য এবং উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় এই নিম্নচাপটি তৈরি হয়েছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে এবং মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিম্নচাপের প্রভাবে মূলত ওড়িশা ও তার সংলগ্ন উপকূলবর্তী এলাকায় বেশি প্রভাব পড়তে চলেছে।

এদিন বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। বিশেষ করে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে।
কলকাতায় ইতিমধ্যে নিম্নচাপের প্রভাব দেখা গিয়েছে। আজ সকালে কয়েক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে। আকাশ মেঘলা হয়ে রয়েছে। দুপুরের পর থেকে ফের বৃষ্টি হতে পারে। তাপমাত্রা কিছুটা কমলেও, বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি চলবে। আগামী কয়েকদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
ওদিকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিং সহ সবকটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল বর্ষার কারণে ফের নদীর জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে। ধস নামারও সম্ভাবনা রয়েছে। তাই প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications