একটা বাড়িতে আগুন লাগালে গোটা গ্রাম জ্বালিয়ে দেব, তৃণমূলকে হুমকি বিজেপি-র

গতকাল রাজনগর বেসিক স্কুলে কর্মীসভায় বক্তব্য রাখছিলেন বিজেপি জেলা সভাপতি দুধকুমার মণ্ডল। তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেন। তার পর অনুব্রত মণ্ডলকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, "কান খুলে শুনে রাখো অনুব্রত মণ্ডল, তুমি যদি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি হও, তা হলেও আমিও বিজেপি-র জেলা সভাপতি। আমি বলছি, যদি আমাদের একজন কর্মীকেও মারধর করা হয়, আমরা তোমাদের রেয়াত করব না। যদি আমাদের একজন সমর্থকের বাড়িতে আগুন লাগে, তা হলে তোমাদের সমর্থক গ্রামে ঢুকে গোটা গ্রাম জ্বালিয়ে দেব। কিন্তু আমরা চাই এই অবাঞ্ছিত পরিস্থিতি যেন তৈরি না হয়।"
তিনি আরও বলেছেন, "আমি হিম্মতের সঙ্গে বলছি, জন্মেছি একবার, মরবও একবার। কিন্তু আমাকে কেউ মারতে এলে, আমার ধড় থেকে মাথা আলাদা করতে এলে আগেই তার শরীর থেকে মাথা আলাদা করে দেব। তখন কী করবে ভেবে নাও অনুব্রত মণ্ডল। হয় আমি তোমায় মারব, না হয় তোমার আগামী প্রজন্মের কোনও শিশুকে পৃথিবী থেকে সরিয়ে দেব।"
দুধকুমারবাবুর এই বক্তব্য চাউর হওয়ার সঙ্গে সঙ্গেই আলোড়ন পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। অনুব্রত মণ্ডলের খাসতালুকে দাঁড়িয়ে এভাবে তাঁকে সরাসরি হুমকি দেওয়ার ব্যাপারটি সত্যিই বিস্ময়কর। এর আগে এ ধরনের হুমকি দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন অনুব্রত মণ্ডলও। লোকসভা ভোটের আগে একটি জনসভায় তিনি বলেছিলেন, "নির্দলরা সিপিএমের সমর্থনে লড়ছে। ওধের ভোট দেবেন না। ওরা হামলা করতে এলে বাড়ি জ্বালিয়ে দিন। বোমা মারুন। যে পুলিশ ওদের বাঁচাতে আসবে, তাদেরও বোমা মারুন।" আর একবার বলেছিলেন, "সিপিএম ইঁদুরের বাচ্চা। ওদের বিষ দিয়ে মেরে দিন।" এই মন্তব্যের পরই বীরভূমের বিভিন্ন গ্রামে রাজনীতিক হিংসা শুরু হয়। অনুব্রত মণ্ডলের বিরোধী বলে পরিচিত নির্দল প্রার্থী সাগর ঘোষকে গুলি করে মারা হয় পাড়ুই গ্রামে। সেই মামলা এখনও চলছে কলকাতা হাই কোর্টে।












Click it and Unblock the Notifications