জাতীয়তাবাদী আদর্শ অনুসরণ করলেই খুন হতে হয় পশ্চিমবঙ্গে, দাবি আরএসএসের
মুর্শিদাবাদের জিয়াগঞ্জে একই পরিবারের তিন জন সদস্যের খুন নিয়ে যখন তোলপাড় রাজ্য-রাজনীতি, ঠিক সেই সময় এই বিষয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন রাষ্ট্রীয় সেবক সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক মনমোহন বৈদ্য।
মুর্শিদাবাদের জিয়াগঞ্জে একই পরিবারের তিন জন সদস্যের খুন নিয়ে যখন তোলপাড় রাজ্য-রাজনীতি, ঠিক সেই সময় এই বিষয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন রাষ্ট্রীয় সেবক সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক মনমোহন বৈদ্য। তিনি দাবি করেন আরএসএসের সমর্থক হওয়ার অপরাধেই প্রধানত খুন হতে হয় জিয়াগঞ্জের শিক্ষক বন্ধু প্রকাশ পাল ও তার স্ত্রী পুত্রকে। বুধবার উড়িষ্যায় সংঘের 'অখিল ভারতীয় কার্যকরী মণ্ডলের' উদ্বোধনী অনুষ্ঠানে এসে এমনটাই দাবি করেন সংঘের এই বর্ষীয়ান নেতা।

জিয়াগঞ্জ খুনের কিনারা করতে গিয়ে পুলিশ ও গোয়েন্দা দফতরের যখন হিমশিম অবস্থা তখন আরএসএসের প্রথম সারির এই নেতার মন্তব্যে স্বাভাবিক ভাবেই তোলপাড় হয় বঙ্গ রাজনীতি। এই প্রসঙ্গে বলতে গিয়ে সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন ' জাতীয়তাবাদী আদর্শের দ্বারা কেউ অনুপ্রাণিত হলেই বাংলার মাটিতে তাকে খুন করা হয়।'
এদিকে খুন হওয়া শিক্ষক বন্ধু প্রকাশ পাল কখনওই কোনও রাজনৈতিক দলের ছত্রছায়ায় ছিলেন না বলে সাফ জানিয়ে দেন তার পরিবারের বাকি সদস্যরা। যদিও পুলিশ এই খুনের পিছনে মূল ষড়যন্ত্রকারী হিসাবে এখনও পর্যন্ত এক রাজমিস্ত্রিকে গ্রেফতার করেছে।
অন্যদিকে উড়িষ্যায় তিনদিন ব্যাপী চলা সংঘের এই অনুষ্ঠানে সাড়া দেশ থেকে প্রায় ৩০০ জনের কাছাকাছি আরএসএসের কার্যনির্বাহী প্রধানেরা উপস্থিত ছিলেন। দেশ জুড়ে সংঘের আগামী কর্মসূচী ও গত মার্চ মাসে হওয়া 'অখিল ভারতীয় প্রতিনিধি সভার' পর্যালোচনা করতেই এই অনুষ্ঠানের আয়োজন বলে জানান সংঘ নেতা মনমোহন বৈদ্য।
অযোধ্য মামলা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন 'রাম মন্দির কোনও রাজনৈতিক ইস্যুই নয়। এর সাথে আমাদের শ্রদ্ধা ও বিশ্বাসের প্রশ্ন জড়িয়ে আছে।' সংবিধানের ৩৭০ ধারা বাতিল প্রসঙ্গে বলতে গিয়ে এই সংঘ নেতা বলেন 'সংবিধান প্রণয়নের সময় এটি তদানন্তীন সরকারের একটি সাময়িক সিদ্ধান্ত ছিল। বর্তমানে এই বিষয়ে জাতীয় ঐক্যমত আছে বলেই ক্ষমতাসীন সরকার তা বাতিলের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করেছে।'
এই বিষয়ে বলতে গিয়ে একটি বিশেষ, সাক্ষাৎকারে তিনি আরও বলেন '৩৭০ ধারা নিয়ে একাধিকবার ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করা হলেও পূর্ববর্তী কোনও সরকারকেই এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কোনও পদক্ষেপ নিতে দেখা যায়নি।'












Click it and Unblock the Notifications