সরকারি চাকরি না পেলে চা, তেলেভাজা বেচুন বা মাটি কাটুন, নিদান মুখ্যমন্ত্রীর

মাটি কাটুন। চায়ের দোকানে কাজ করুন। তেলেভাজাও বিক্রি করতে পারেন।
রাজ্যের বেকার যুবকদের এমনই পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মাদারিহাটে একটি সভায় তিনি এ কথা বলেন।
গত তিন বছরে কয়েক লক্ষ চাকরির সংস্থান রাজ্য সরকার করেছে বলে বারবার দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবুও রাজ্যে ভয়াবহ বেকারি যে কমেনি, সেটা বুঝেছেন বিলক্ষণ। তাই তিনি বলেছেন, "শুধু সরকারি চাকরিই চাকরি? এখনই চাকরি না পেলে কী করবেন? বেকার ভাইদের বলব, চাকরি আপনাদের হবে। কিন্তু অপেক্ষা করতে হবে। আপাতত হাতের কাছে যা কাজ পান, তাই করুন। তাতে মাসে অন্তত চার-পাঁচ হাজার টাকা উপার্জন হবে। মনে রাখবেন, কোনও কাজই ছোটো নয়। চায়ের দোকানে কাজ করতে পারেন। এতে লজ্জা হওয়ার কথা নয়। কেউ জিজ্ঞাসা করলে বলবেন, চুরি করি না, ডাকাতি করি না, চায়ের দোকানে কাজ করি। আবার বাড়িতে খাবার রান্না করে কাছাকাছি অফিসে রোজ সরবরাহ করতে পারেন। তাতেও ভালো আয় হবে। আমি দেখেছি, আমার বাড়ির কাছে একজন রাস্তার ধারে তেলেভাজা বিক্রি করতেন। এখন তিনতলা বাড়ি তৈরি করেছেন। তেলেভাজা বিক্রিও ভালো ব্যবসা। হাতের খাবার কখনওই ফেলতে নেই। হাতের সামনে যে কাজ পাবেন, সেটাই করবেন।"
তিনি আরও বলেন, "কেউ যদি আমাকে বলে, দিদি আপনি মাটি কাটার কাজ করবেন? আমি বলব, নিশ্চয়। কেন করব না! মাটি আমার জন্মভূমি, মাটি আমার কর্মভূমি, মাটিই আমার মাতৃভূমি।"
প্রসঙ্গত, দু'বছর আগে দুর্গাপুরে একটি অনুষ্ঠানে গিয়েও অনুরূপ পরামর্শ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে, তাঁর এই বক্তব্য নিয়ে অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা-কর্মীরা। তাঁদের বক্তব্য, রাজ্যের অন্যান্য জায়গার মতো মাদারিহাটেও বেকার ছেলেরা সরকারি চাকরির আশায় হা-পিত্যেশ করে বসে আছে। এই অবস্থায় যদি তাদের গিয়ে চা বিক্রি, তেলেভাজা বিক্রি বা মাটি কাটার উপদেশ দেওয়া হয়, তা হলে খারাপ প্রতিক্রিয়া হতে পারে বলে আশঙ্কা।












Click it and Unblock the Notifications