বিজেপির অনুষ্ঠানে যোগ দিয়ে সাসপেন্ড দত্তপুকুরের আইসি
বিজেপির অনুষ্ঠানে যোগ দেওয়ায় সাসপেন্ড করা হল দত্তপুকুরের আইসি মানস সরকারকে।
বিজেপির অনুষ্ঠানে যোগ দেওয়ায় সাসপেন্ড করা হল দত্তপুকুরের আইসি মানস সরকারকে। শনিবার দত্তপুকুরে স্থানীয় একনম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে (বিজেপির উদ্যোগও বটে) একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানেই যোগ দিয়েছিলেন দত্তপুকুর থানার আইসি মানস সরকার। যে ঘটনার পরে রাতেই তাঁকে সাসপেন্ড করা হয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই আইসি মানস সরকার দত্তপুকুরের দায়িত্ব দেওয়ার পর থেকে আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে। এছাড়াও আইসি এই ধরনের প্রায় সব অনুষ্ঠানেই অর্থাৎ জনসংযোগের অনুষ্ঠানে যোগ দিয়ে থাকেন। এইভাবেই সব রাজনৈতিক দলের কাছেই তিনি পৌঁছে যান।
প্রসঙ্গত দত্তপুকুর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। সাংসদ সেই রক্তদান শিবিরে যেতে পারেন, এই খবর থাকায় আইনশৃঙ্খলা রক্ষার কাজেই সেখানে গিয়েছিলেন আইসি মানস সরকার। সূত্রের খবর অনুযায়ী, সেখানে পৌঁছনোর পরে বিজেপি কর্মীরা জোর করে মঞ্চে তুলে দেন। তাঁর গায়ে ব্যাজও পরিয়ে দেওয়া হয়। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেখান থেকেই জানতে পেরে যান রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা।
রাতেই সাসপেন্ড করে দেওয়া হয় দত্তপুকুরের আইসি মানস সরকারকে। এই ঘটনার নিন্দা করা হয়েছে বিজেপির তরফ থেকে। বলা হয়েছে, যখন শাসক শিবিরের কোনও অনুষ্ঠানে যোগ দেন কিংবা পুলিশ আধিকারিকরা যান, সেক্ষেত্রে কোনও ব্যবস্থা নেওয়া হয় না। যেহেতু তিনি বিজেপির আয়োজিত অনুষ্ঠানে গিয়েছিলেন, সেহেতু উদ্দেশ্য প্রণোদিতভাবে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। বিজেপির দাবি মানস সরকার দত্তপুকুরে আসার পর থেকে সেখানকার আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে। তিনি নিরপেক্ষভাবে কাজ করছিলেন বলেও দাবি বিজেপির।
সূত্রের খবর অনুযায়ী, স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপির অনুষ্ঠানে গিয়ে পক্ষপাতিত্ব করছিলেন তিনি। সেই জন্যই সাসপেন্ড করা হয়েছে মানস সরকারকে।












Click it and Unblock the Notifications