ক্যানিংয়ে দাঙ্গায় মদত দেন ইমরান, জল গড়াল হাই কোর্ট পর্যন্ত

দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিংয়ের নলিয়াখালিতে ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে একটি দাঙ্গা হয়েছিল। নলিয়াখালি ছাড়াও পার্শ্ববর্তী অঞ্চলে এই দাঙ্গা ছড়িয়ে পড়ে। অভিযোগ, আহমেদ হাসান ইমরান কলকাতার পার্ক সার্কাস থেকে গুন্ডা পাঠিয়ে দাঙ্গাকারীদের মদত দিয়েছিলেন। এই দাঙ্গায় প্রাণহানির ঘটনা ঘটে। অনেক ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। তদন্তে নেমে জেলা গোয়েন্দা দফতর (ডিআইবি) জানতে পারে, আহমেদ হাসান ইমরানের সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে দাঙ্গাকারীদের। গোয়েন্দা রিপোর্টে বিরূপ মন্তব্য থাকা সত্ত্বেও বছরখানেক পর তাঁকে রাজ্যসভায় পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল কলকাতা হাই কোর্টে পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে নালিশ জানানো হয়। বিচারপতি নাদিরা পাথেরিয়া সরকারি কৌঁসুলিকে ডেকে জিজ্ঞাসা করেন, কেন অভিযোগের তদন্ত হয়নি? পুলিশ কী করছে? জবাবে সরকারি আইনজীবী বলেন, নলিয়াখালির ঘটনায় তিনটি মামলা দায়ের হয়েছে। রাজ্য পুলিশ তদন্ত চালাচ্ছে। দু'টি মামলার চার্জশিটও জমা পড়েছে। মামলার অগ্রগতি নিয়ে মহামান্য আদালতকে অবহিত করা হবে।
বিচারপতি নাদিরা পাথেরিয়া সব শুনে বলেছেন, ৫ জানুয়ারি রাজ্য সরকারকে এ ব্যাপারে হলফনামা জমা দিতে হবে। তার পর সংশ্লিষ্ট মামলার আবেদনকারী নিজের পাল্টা বক্তব্য পেশ করবেন। তার পর এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে আদালত।
প্রসঙ্গত, ইতিমধ্যেই আহমেদ হাসান ইমরানের বিরুদ্ধে নিষিদ্ধ জঙ্গি সংগঠন সিমি-র যোগাযোগের অভিযোগ উঠেছে। তিনি বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গেও যোগাযোগ রেখেছেন বলে অভিযোগ তুলেছেন বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিং।












Click it and Unblock the Notifications