ফের পিছোল I-PAC মামলার শুনানি! এবার কী কারণ? ঘোষণা হল নতুন দিন
আবারও একবার পিছিয়ে গেল I-PAC সংক্রান্ত মামলার শুনানি। সুপ্রিম কোর্টে আজ, এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা আর হল না। নতুন করে আগামী ১৮ ফেব্রুয়ারি দিনটি মামলার শুনানির জন্য ধার্য করেছে শীর্ষ আদালত।

এর আগেও অর্থাৎ গত মঙ্গলবার রাজ্য সরকারের জমা দেওয়া হলফনামা খতিয়ে দেখতে ইডির আইনজীবীরা সাত দিনের জন্য সময় চেয়ে নিয়েছিলেন। আর সেই সেই কারণেই ১০ ফেব্রুয়ারি অর্থাৎ শুনানির দিন ঠিক হয়েছিল। কিন্তু এই এক সপ্তাহ পেরিয়ে গেলেও আজকেও এই মামলাটি শোনা সম্ভব হয়নি। জানা গিয়েছে যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল আজ অসুস্থ থাকার কারণে শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত হয়েছিল গত জানুয়ারি মাসে। দিল্লির একটি আর্থিক প্রতারণা মামলার সূত্র ধরে ৮ জানুয়ারি I-PAC-এর কর্ণধার প্রতীক জৈনের অফিস এবং লাউডন স্ট্রিটের বাড়িতে হানা দেয় ইডি। তল্লাশি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা। আর ঠিক তার পরেই ঘটে এক নজিরবিহীন ঘটনা।
ইডি আধিকারিকরা যখন প্রতীক জৈনের বাড়ির ভিতরে নথিপত্র খতিয়ে দেখছেন, ঠিক সেই সময় আচমকাই সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হন। তড়িঘড়ি করে বাড়ির ভিতরে ঢুকে পড়েন তিনি। তারপরে তাঁকে সবুজ রঙের একটি ফাইল হাতে বেরিয়ে আসতেও দেখা যায়। এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়ে যায় বিতর্ক। আর এই বিতর্ক ধীরে ধীরে রাজনৈতিক তরজায় রূপ নেয়।
আর এই ঘটনাকে কেন্দ্র করেই ইডি সরাসরি সুপ্রিম কোর্টে যায়। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চুরির মতো গুরুতর অভিযোগও তোলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে ইডির এই অভিযোগ উড়িয়ে দিয়ে শীর্ষ আদালতের কাছে হলফনামা জমা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁর দাবি ছিল যে, ইডি আধিকারিকদের অনুমতি নিয়েই নাকি তিনি নথি এবং ডিভাইস নিয়ে গিয়েছিলেন।
শুনানির ঠিক আগের দিনই এই হলফনামা জমা পড়ার কারণে তার জবাব দেওয়ার জন্য কিছুদিন সময় চেয়েছিল ইডি। আর সেই কারণেই প্রথম দফায় শুনানি পিছিয়ে যায়। কিন্তু আজ এই মামলাটি এগোতে পারল না।
এর ফলে এক মাসেরও বেশি সময় ধরে চলতে থাকা এই মামলার শুনানি নিয়ে অনিশ্চয়তা আরও বাড়তে থাকল। পরবর্তী তারিখ অর্থাৎ আগামী ১৮ ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টে এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি হয় কি না, সেদিকেই এখন নজর রাজনৈতিক এবং প্রশাসনিক মহলের।












Click it and Unblock the Notifications