নতুন দল সহ একগুচ্ছ আসনে প্রার্থী ঘোষণা হুমায়ুনের! নিজেও লড়বেন দুটি আসনে, তালিকায় রয়েছেন তৃণমূল নেতা-নেত্রীরা
একাধিক বিতর্কের পর শেষমেশ আজ নিজের রাজনৈতিক দল ঘোষণা করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। আজ এক জনসভা থেকে তিনি জানালেন যে, তাঁর নতুন দলের নাম 'জনতা উন্নয়ন পার্টি'। মঞ্চে দলের পতাকা এবং নাম লেখা টি-শার্টে সাজানো ছিল সভার জায়গা। সমর্থকদের ভিড়ও ছিল চোখে লাগার মতো।

এদিন দল ঘোষণার সঙ্গে সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য একাধিক প্রার্থীর নামও ঘোষণা করেছেন হুমায়ুন। আগেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, আসন্ন বিধানসভা নির্বাচনে একাধিক আসনে প্রার্থী দেবেন। এদিনের ঘোষণায় সেটাই স্পষ্ট হয়েছে।
হুমায়ুন কবীর নিজে ভরতপুর এবং রেজিনগর- এই দুই কেন্দ্র থেকে লড়বেন। খড়্গপুর গ্রামীণ কেন্দ্রে দলের প্রার্থী হবেন ইব্রা হাজি। মালদহের বৈষ্ণবনগর থেকে লড়বেন মুস্তারা বিবি। মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থী হবেন মনীষা পাণ্ডে। ভগবানগোলায় প্রার্থী করা হয়েছে ব্যবসায়ী হুমায়ুন কবীরকে। রানিনগর কেন্দ্রেও প্রার্থীর নাম হুমায়ুন কবীর। দক্ষিণ দিনাজপুরের ধনিরাম বিধানসভা কেন্দ্র থেকে লড়বেন ডা. ওয়েদুল রহমান। বালিগঞ্জ থেকে প্রার্থী হবেন নিশা চট্টোপাধ্যায়। ইছাপুরে দলের হয়ে লড়বেন সিরাজুল মণ্ডল।
এই তালিকা থেকে একটা কথা স্পষ্ট যে, শুধু মালদহ কিংবা মুর্শিদাবাদ নয়, কলকাতা এবং শহরতলির কেন্দ্রগুলিতেও প্রার্থী দিচ্ছে 'জনতা উন্নয়ন পার্টি'। হুমায়ুন জানিয়েছেন যে, দ্রুতই দলের ইস্তেহার প্রকাশ করা হবে।
উল্লেখযোগ্য বিষয়টি হলো, যে সমস্ত প্রার্থীরা ঘোষিত হয়েছেন তাঁদের মধ্যে কয়েকজন আগে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। মনীষা পাণ্ডে আগে তৃণমূলের নেত্রী ছিলেন। আবার, রানিনগরের প্রার্থী ডা. হুমায়ুন কবীরও ২০১৬ সালে তৃণমূলের টিকিটে ভোটে লড়েছিলেন। ইছাপুরের প্রার্থী সিরাজুল মণ্ডল দাবি করেছেন যে, তিনি ২১ জুলাইয়ের আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন।
সব মিলিয়ে নতুন দলের ঘোষণা আর একাধিক প্রার্থীর নাম সামনে আসায় রাজ্যের রাজনীতিতে নতুন করে আবার আলোচনা শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications