নব নির্বাচিত চার তৃণমূল বিধায়কের শপথ গ্রহণ কীভাবে হবে? ফের কি জটিলতা দেখা দেবে?
বিধানসভা উপ নির্বাচনে চার কেন্দ্রেই জয়ী হয়েছে তৃণমূল। রাণাঘাট দক্ষিণ, রায়গঞ্জ, বাগদা, মানিকতলা চার কেন্দ্রেই বিপুল পরিমাণ ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থীরা। তাদের শপথ কীভাবে হবে? কবে হবে? সেই প্রশ্ন এবার উঠতে শুরু করেছে।
এক মাস ধরে শপথ গ্রহণের জন্য অপেক্ষা করেছিলেন রায়াত হোসেন ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷ দীর্ঘ দিন বিধানসভাতেই ধর্ণা কর্মসূচি চালিয়েছেন তাঁরা৷ রাজভবন ও বিধানসভার মধ্যে কার্যত ঠান্ডা লড়াই চলে শেষ পর্যন্ত বিধানসভাতেই দুই বিধায়ক শপথ গ্রহণ করেছিলেন।

রাজ্যপাল সিভি আনন্দ বোস চেয়েছিলেন, দুই বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান রাজভবনে হোক। সেই ব্যবস্থাও করা হয়েছিল রাজভবনের তরফে। কিন্তু সায়ন্তিকা চেয়েছিলেন, বিধানসভাতেই তাঁরা শপথ নেবেন। তাই নিয়ে দীর্ঘ এক মাস ধরে জটিলতা চলে। শেষ পর্যন্ত রাজ্যপালকে বাদ দিয়েই দুই বিধায়কের শপথ গ্রহণ হয়।
এবার উপ নির্বাচনে চার তৃণমূল বিধায়ক জয়ী হয়েছেন। তাদের শপথ গ্রহণ কীভাবে হবে? রাজ্যপাল ও বিধানসভার মধ্যে শপথ গ্রহণ ঘিরে টানাপোড়েন শুরু হবে কী? রাজ্যপাল আবার রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান করার ইচ্ছা প্রকাশ করবেন? না কি বিধানসভাতেই শপথ নেবেন চার বিধায়ক? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
এই বিষয়ে মন্তব্য করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, শপথ হবে। সংবিধানের প্রথা মতোই শপথ হবে। এবারও সেভাবেই শপথ হবে। আশা করি, রাজ্যপাল মহোদয় এবার এমন কিছু করবে না, যাতে সংবিধানের প্রথা বিঘ্নিত না হয়।"
বিধানসভা হাউসেই শপথ গ্রহণ করা হবে। এই ইঙ্গিত স্পিকার দিয়েছেন। এই বিষয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে বার্তা পাঠানো হবে। সে কথাও জানা যাচ্ছে। রাজ্যপাল যাতে এবার কোনও বাধা দিতে না পারেন। বাধা দিলে কী হবে? তাই নিয়েও শাসক দলের মধ্যে চর্চা চলছে। রাজ্যপালকে বাদ দিয়ে স্পিকার নিজে শপথ গ্রহণ করিয়ে দেবেন? এমন কথাও কানাঘুষো শোনা যাচ্ছে।
" এটা অহেতুক। কোনও প্রয়োজন ছিল না ওটা করার৷ কেন তা করেছিলেন, কেবল রাজ্যপালই বলতে পারবেন।" জানিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications