উপনির্বাচনের ছয় কেন্দ্রে কোথায় কত বাহিনী! বড় আপডেট কমিশন থেকে
সামনের মাসেই রাজ্যে বিধানসভা উপনির্বাচন। রাজ্যের ছটি কেন্দ্রে এই উপনির্বাচন হবে। এবার সেই নির্বাচন ঘিরে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও জানিয়ে দেওয়া হল। প্রত্যেক জায়গায় যত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। তত সংখ্যক কুইক রেসপন্স টিম থাকবে।
পাশাপাশি রাজ্য পুলিশ পর্যাপ্ত পরিমাণে থাকবে বলে কমিশন সূত্রে খবর। এইচআরএফএস, আরটি মোবাইল, সেক্টর অফিসের জন্য বিভিন্ন ক্ষেত্রে থাকবে পর্যাপ্ত পরিমাণে রাজ্য সশস্ত্র পুলিশ।

রাজ্যের সিতাই, মাদারিহাট, তালডাংরা, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর বিধানসভা আসনে নির্বাচন। সিতাইতে ১৬ কোম্পানি, মাদারিহাটে ১৪ কোম্পানি, নৈহাটিতে ১০ কোম্পানি, হাড়োয়ায় ১৫ কোম্পানি, মেদিনীপুরে ১৬ কোম্পানি আর তালডাংরা ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। আগামী ১৩ নভেম্বর রাজ্যের এই ছয়টি আসনে ভোটের লড়াই হবে।
১৩ ও ২০ নভেম্বর দুই দফায় ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। আর ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। সর্বত্রই ভোটের ফলাফল ঘোষণা হবে ২৩ নভেম্বর৷ প্রত্যেকটি নির্বাচনের জন্য বিশেষ নজর দিচ্ছে দেশের জাতীয় নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর বিকেল চারটের সময় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সহ সমস্ত কমিশনার এবং অন্যান্য আধিকারিকরা থাকবেন এক গুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্সে।
ভিডিও কনফারেন্সের যোগদান করবেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি, কোস্টগার্ডের ডিজি, এক্সাইজ ডিপার্টমেন্ট, আইটি ডিপার্টমেন্ট সহ অন্যান্য আধিকারিকারা। পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব সহ অন্যান্য আধিকারিকেরা।
পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে প্রচুর অভিযোগ ওঠে। বিরোধীদের একাধিক অভিযোগ থাকে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। নির্বাচন কমিশনের দিকেও কখনও আঙুল তোলা হয়। তাই নিশ্চিদ্র নিরাপত্তা এবং সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এমনটাই জানানো হয়েছে৷












Click it and Unblock the Notifications