একুশে মেরুকরণের ভোটই কি অবশ্যম্ভাবী! বাংলায় মুসলিম অধ্যুষিত এলাকায় বিজেপির স্ট্র্যাটেজি ঘিরে কিছু পরিসংখ্যান
রাজনৈতিক বিশ্লেষকদের মতে , বাংলায় ২০২১ ভোট এমন এক দৃশ্যপট তুলে ধরবে, যা আগে কখনও দেখেনি পশ্চিমবঙ্গের রাজনীতি। তৃণমূলের সঙ্গে বিজেপির যুযুধান লড়াইয়ে সম্ভবত বহু দিক থেকে মেরুকরণের রাজনৈতিক ভোট দেখতে চলেছে এই বঙ্গভূমি। আর সেই জায়গায় বিজেপি কার্যত এখনও নিজের নীলনকশা ধরেই পর পর ঘুঁটি সাজাচ্ছে। তবে বাংলায় বিজেপির কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ মুসলিম ভোট। সেক্ষেত্রে কিছু পরিসসংখ্যান ও তথ্যের দিকে নজর দেওয়া যাক।

বাংলার মুসলিম সংখ্যা কাশ্মীর, অসমের পরই!
মূলত, মধ্যবঙ্গ ও দক্ষিণবঙ্গে ২০১৯ সালে বিজেপিকে মাত দিয়ে বেরিয়ে যায় তৃণমূল। আর এই দুই এলাকার ভোটব্যাঙ্কের একটা বড় অশ হল মুসলিম ভোটার। ২০১১ সালের আদমসুমারী অনুযায়ী, দেখা গিয়েছে, রাজ্যের মোট জনসংখ্যার ২৭ শতাংশ হল মুসলিম। যা জম্মু ও কাশ্মীর এবং অসমের মুসলিম জনসংখ্যার থেকেও বেশি। এদিকে, বিজেপির দক্ষিণপন্থী মতাদর্শের জেরে এবং সিএএ ও এনআরসি পর্বের পর বিজেপি বাংলার বুকে মুসলিম ভোটারদের সমর্থন পেতে সফল হবে কী না, তা নিয়েও রয়েছে জল্পনা।

মুর্শিদাবাদ থেকে মালদা ও মুসলিম ভোটব্যাঙ্ক
দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি মুসলিম ভোটারের শতাংশ মুর্শিদাবাদে। যেখানে ৬৬ শতাংশ মুসলিম রয়েছেন। অন্যদিকে, মালদায় ৫১ শতাংশ মুসলিম রয়েছেন। ৪৯.৯ শতাংশ মুসলিম ভোটার রয়েছেন উত্তর দিনাজপুরে। বাকি জেলাগুলিতে ৩৭ শতাংশের আশপাশে মুসলিম জনসংখ্যা। এমন এক প্রেক্ষাপটে তৃণমূল ২০১৪ সালের লোকসভা ভোটের তুলনায় নিজের মুসলিম ভোটব্যাঙ্ক ২০১৯ সালে বাড়িয়েছে অনেকটাই। আর সেই জায়গা থেকেই বিজেপি কার্যত ছক তৈরি করছে।

মেরুকরণের ভোট ও বিজেপির স্ট্র্যাটেজি
মনে করা হচ্ছে, সম্প্রদায় ভিত্তিক মেরুকরণের ভোটই এবার বাংলায় দেখা যাবে। সেক্ষেত্রে বিজেপির জোর হিন্দু ভোটে রয়েছে। এদিকে, হিন্দু ভোটেরও একটা বড় অংশ রয়েছে তৃণমূলে। ফলে তৃণণূল থেকে সেই হিন্দু ভোট কাটার জন্য , সেই দলের তাবড় হেভিওয়েটদের দলে টানছে বিজেপি। এরকমই একটি নাম শুভেন্দু অধিকারী। যাঁর হিন্দু ভোটব্যাঙ্কও পোক্ত, অন্যদিকে মুর্শিদাবাদ, মালদাতেও শুভেন্দু 'অনুগামী'র সংখ্যা কম নয়। ফলে তৃণমূলকে মাত দিয়ে মুসলিম ভোটের লাভ ঠেকাতে, হিন্দু ভোটকে সঙ্গে নিতে বিজেপির কাছে সদ্য আসা তৃণমূলের প্রাক্তন নেতারা বেশ গুরুত্বপূর্ণ। আর এই যোগদান বিজেপির ভোট অঙ্কের বড় স্ট্র্যাটেজি বলে মনে করা হচ্ছে।

বিজেপি ও তুলনামূলক হিন্দু-মুসলিম ভোট (বছর অনুসারে)
এক সাম্প্রতিক সমীক্ষায় লোকনীতি ও সিএস ডিএস জানিয়েছে, বাংলায় ২০১৪ সালে বিজেপির পক্ষে ২১ শতাংশ হিন্দু ভোট দিয়েছেন। ২০১৯ সালে তা বেড়ে হয় ৫৭ শতাংশ। অন্যদিকে, বাংলায় ২০১৪ সালে সেভাবে মুসলিমদের ভোট বিজেপির পক্ষে পড়েনি। অন্যদিকে, ২০১৯ সালে ৪ শতাংশ মুসলিম ভোট বিজেপির পক্ষে পড়ে।

তৃণমূল ও হিন্দু-মুসলিম ভোট (বছর অনুসারে)
লোকনীতি ও সিএস ডিএস -র সমীক্ষা বলছে, ২০১৪ সালে ৪০ শতাংশ মুসলিম ভোট তৃণমূলের সমর্থনে পড়ে। এরপর ২০১৯ সালে ৭০ শতাংশ মুসলিম ভোট তৃণমূল পেয়েছে লোকসভা নির্বাচনে। অন্যদিকে, হিন্দুদের ৪০ শতাংশ ভোট তৃণমূল পেয়েছিল ২০১৪ সালের ভোটে। সেখানে ২০১৯ সালে লোকসভা ভোটে হিন্দুদের ৩২ শতাংশ ভোট পায় তৃণমূল।












Click it and Unblock the Notifications