পাহাড়ের সরকারি কর্মী হলে সাবধান! প্রশাসনের নতুন নির্দেশিকায় 'বিতর্ক'
দার্জিলিং-এ সরকারি কর্মীদের সব ধরনের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। এপ্রসঙ্গে নির্দেশিকা জারি করেছেন দার্জিলিং-এর জেলাশাসক জয়শ্রী দাশগুপ্ত।
দার্জিলিং-এ সরকারি কর্মীদের সব ধরনের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, এপ্রসঙ্গে নির্দেশিকা জারি করেছেন দার্জিলিং-এর জেলাশাসক জয়শ্রী দাশগুপ্ত। পাঁচ মাসের জন্য এই ছুটি বাতিল করার কথা জানানো হয়েছে। মূলত নির্বাচনের কাজে সরকারি কর্মীর ঘাটতি মেটাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

১ মার্চ থেকে ৩১ জুলাই। পুরো ৫ মাস দার্জিলিং-এর কর্মরত সরকারি কর্মীদের ছুটি বাতিল। রাজ্য সরকারি কর্মীরা ছাড়াও কেন্দ্রীয় কর্মীদের জন্যও এই সিদ্ধান্ত প্রযোজ্য। স্বাস্থ্যের কারণ দেখিয়ে কোনও ছুটি নিতে গেলে সেই কর্মীকে মেডিক্যাল বোর্ডের সামনে হাজিরা দিতে হবে। সরকারি নির্দেশিকায় এমনটাই জানানো হয়েছে।
অন্য জেলার তুলনায় দার্জিলিং-এ ভোটের কাজে সরকারি কর্মীর অভাব রয়েছে। ভোট ঘোষণার পরে সেই অভাব আরও জোরদার হয়। অনেকেই বিভিন্ন কারণ দেখিয়ে ভোটের কাজে যেতে চান না। এবার তা থেকে মুক্তি পেতে চায় দার্জিলিং জেলা প্রশাসন। তাই ভোটের দিন ঘোষণার আগেই সরকারি কর্মীদের ছুটি বাতিল করে দেওয়া হল।
যদিও বিভিন্ন কর্মী সংগঠনের পক্ষ থেকে সরকারির এই সিদ্ধান্তের প্রতিবাদ করা হয়েছে।












Click it and Unblock the Notifications