পুরভোটে প্রার্থী হয়েও দ্বন্দ্ব, বিধায়ক বনাম সাংসদ বিতর্কে নয়া জল্পনা শুরু বিজেপিতে
পুরভোটে প্রার্থী হয়েও দ্বন্দ্ব, বিধায়ক বনাম সাংসদ বিতর্কে নয়া জল্পনা শুরু বিজেপিতে
বিধায়কের গোঁসা হয়েছিল। মান ভাঙিয়ে প্রার্থী করা হলেও দ্বন্দ্ব ঘুচল না প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে। আগামী ২৭ ফেব্রুয়ারি ভোট। তার আগে বিজেপির ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে গরহাজির থাকলেন বিধায়ক তথা বর্তমানে পুরসভার প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তা নিয়ে শুরু হল নয়া জল্পনা।

দিলীপ ঘোষ হাজির, গরহাজির হিরণ
বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ইস্তেহার প্রকাশ করলেন খড়গপুর পুরসভা নির্বাচনের। এই নির্বাচনের আবার প্রার্থী হয়ছেন বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। তিনি এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে গরহাজির থাকলেন। তাঁর গরহাজিরায় প্রশ্ন উঠছে, দিলীপ ঘোষ থাকাতেই কি তিনি অনুপস্থিত থাকলেন, নাকি অন্য কোনও কারণ রয়েছে তাঁর গরহাজিরার।

বিধায়ক বিদ্রোহী হয়ে প্রার্থী পুরভোটে
খড়গপুরের ২০২১-এর নির্বাচনের পর থেকেই বিধায়ক বনাম সাংসদ দ্বন্দ্ব চরম আকার নিয়েছে। তার জেরে বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বিদ্রোহী হয়েছিলেন হিরণ চট্টোপাধ্যায়। তিনি তখ উন্নয়নের পক্ষে সওয়াল করেছিলেন। তখন মনে হয়ছিল ফের তিনি তৃণমূলের দিকে ঝুঁকতে শুরু করেছেন। কিন্তু কিছুদিন চুপচাপ থাকার পর দেখা যায় তাঁকে প্রার্থী করা হয়েছে খড়গপুর পুরসভা নির্বাচনে।

ইস্তেহার প্রকাশ মঞ্চে কেন এলেন না, প্রশ্ন
খড়গপুর পুরনির্বাচনে প্রার্থী হয়ে বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় বলেন, তিনি উন্নয়ন করতে চান। বিধায়ক তো আছেনই, কাউন্সিলর হয়ে তিনি এলাকার উন্নয়নে ব্রতী হবেন। সেই লক্ষ্যেই মানুষের পাশে তাকতে তিনি প্রার্থী হয়েছেন। কিন্তু উন্নয়নের দিশারী হয়েও তিনি পুর নির্বাচনের ইস্তেহার প্রকাশ মঞ্চে কেন এলেন না, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।

দিলীপ কি যাবেন হিরণের প্রচারে?
যদিও হিরণ চট্টোপাধ্যায় এ ধরনের সমালোচনা সে অর্থে গায়ে মাখছেন না। তিনি সব কিছুর জবাব দিতে চান মানুষের জন্য কাজ করে। খড়গপুরের ৩৩ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হয়ছেন হিরণ। এখন তিনি প্রচার পর্বেই বেশি জোর দিয়েছেন। বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারছেন। এদিকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ইস্তেহার প্রকাশ করা ছাড়াও বেশ কয়েকটি ওয়ার্ডে প্রচারও করেন। এখন দেখার তিনি হিরণ চট্টোপাধ্যায়ের ওয়ার্ডে প্রচার করেন কি না।

গরহাজিরায় দলের অন্দরেও সমালোচিত হিরণ
বিজেপির ইস্তেহার প্রকাশের অনুষ্ঠান হয়ে রাত ন-টা নাগাদ। সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীরা। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ইস্তেহার প্রকাশ করেন। তিনি মেদিনীপুরের সাংসদও। কিন্তু এই অনুষ্ঠানে দৃষ্টিকটু লাগছিল খড়গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের অনুপস্থিতি। তিনি শুধু তো প্রার্থী নন, তিনি বিধায়কও, তাই সমালোচনা এড়াতে পারছেন না হিরণ। দলের অন্দরেও সমালোচিত হচ্ছেন। আর উপস্থিত না হওয়ার জন্য তিনি প্রচারের ব্যস্ততার কারণ দর্শাচ্ছেন, যা ধোপে টিকছে না আদৌ।












Click it and Unblock the Notifications