দুয়ারে রেশনের পাইলট প্রজেক্ট শুরু রাজ্যজুড়ে, হাইকোর্টে খারিজ ডিলারদের অভিযোগ
দুয়ারে রেশনের পাইলট প্রজেক্ট শুরু রাজ্যজুড়ে, হাইকোর্টে খারিজ ডিলারদের অভিযোগ
দুয়ারে রেশন প্রকল্পে স্থগিতাদেশের আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বুধবার কলকাতা হাইকোর্টের এই সিদ্ধান্তে স্বস্তি পেল রাজ্য সরকার। ফলে দুয়ারে রেশন প্রকল্পের পাইলট প্রজেক্ট শুরু করতে আর কোনও বাধা রইল না। রেশন ডিলারদের করা স্থগিতাদেশের আর্জি খারিজ হয়ে যেতেই বুধবার থেকে পাইলট প্রজেক্ট শুরু হয়ে গিয়েছে।

দুয়ারে রেশন প্রকল্পের পাইলট প্রজেক্টের কাজ শুরু
এদিন রেশন ডিলারদের করা মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দেন, এখনও যেহেতু রাজ্য সরকার দুয়ারে রেশন প্রকল্পের বিজ্ঞপ্তি জারি করেনি, তাই আদালত হস্তক্ষেপ করবে না এই বিষয়ে। এর ফলে রেশন ডিলারদের মামলা খারিজ হয়ে যায়। এবং রাজ্য সরকার দুয়ারে রেশন প্রকল্পের পাইলট প্রজেক্টের কাজ শুরু করে।

দুয়ারে রেশন নিয়ে ডিলারদের একাংশের দাবি
রাজ্য সরকারের দুয়ারে রেশন প্রকল্পের কাজ শুরু করার নির্দেশ দারি করতেই এই প্রকল্পের স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রেশন ডিলাররা। রেশন ডিলারদের একাংশের দাবি ছিল, রাজ্য সরকারের দুয়ারে রেশন প্রকল্প কেন্দ্রীয় রেশন বণ্টন আইনের পরিপন্থী। প্রকল্পটি একাধারে খরচ সাপেক্ষও। এই প্রকল্প বাস্তবায়নের জন্য যে পরিমাণ অর্থ ও কর্মচারী প্রয়োজন, তা অধিকাংশ রেশন ডিলারের কাছে নেই।

রেশন ডিলার বনাম রাজ্য সরকার আদালতের দুয়ারে
রেশন ডিলাররা আরও দাবি করেন, আইন অনুযায়ী রেশন প্রাপকরা রেশন দোকানে এসে রেশন নিয়ে যাবেন। এটাই নিয়ম। তাই প্রকল্পের জন্য বিপুল খরচ করতে পারবেন না বলে জানিয়েছেন ডিলাররা। রাজ্যের পক্ষ থেকে পাল্টা জানানো হয়েছে, রেশন প্রাপকের সুবিধার্থে এই প্রকল্প চালু করা হয়েছে। এর বিজ্ঞপ্তি এখনও জারি করা হয়নি।

দুয়ারে রেশন প্রকল্পের পাইলট প্রজেক্ট প্রসঙ্গে রাজ্য
রাজ্য জানায়, আপাতত দুয়ারে রেশন প্রকল্পের পাইলট প্রজেক্ট চালু করা হচ্ছে। এরপর সাধারণ মানুষের কাছ থেকে কেমন সাড়া পাওয়া যায়, তা দেখেই বিজ্ঞপ্তি জারি করা হবে। রেশন আইন সংস্কার করে এই প্রজেক্ট শুরু করা হবে। রাজ্য সরকার জানিয়েছে, আপাতত সেপ্টেম্বর মাসের জন্য এটা একটা পরীক্ষামূলক প্রকল্প। প্রকল্পের গ্রহণযোগ্যতা দেখে বাকি সিদ্ধান্ত পরে নেওয়া হবে।

পরীক্ষামূলক প্রকল্প চালু করতে কোনও বাধা নেই
কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিং এরপর রাজ্য সরকারের যুক্তি মেনে নেন। তিনি জানিয়ে দেন, এটা যেহেতু এখনও পর্যন্ত একটি পরীক্ষামূলক প্রকল্প, তাই এতে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট। বিবৃতি জারি হওয়ার পর কোনও মামলা হলে সেটা খতিয়ে দেখা হবে। ফলে পরীক্ষামূলক প্রকল্প চালু করতে কোনও বাধা রইল না আর। এদিন থেকেই পাইলট প্রজেক্ট শুরু হয়ে গিয়েছে। রাজ্যের কয়েকটি জেলায় আগেই এই প্রকল্প পরীক্ষামূলকভাবে চালু করা হয়ছিল। কলকাতা-সহ বাকি জেলাগুলিতেও এদিন থেকে দুয়ারে রেশনের পাইলট প্রজেক্ট শুরু হয়ে গেল।












Click it and Unblock the Notifications