নবান্ন বাস স্ট্যান্ডে ধর্নার অনুমতি হাইকোর্টের, রেড রোডে র্যালি হচ্ছে, মত বিচারপতির
নবান্নের অদূরে ধর্নায় বসতে পারবেন যৌথমঞ্চের আন্দোলনকারীরা। কলকাতা হাইকোর্টের কাছে এই মর্মে আবেদন করা হয়েছিল। সেই মামলার শুনানিতেই এবার সেই ধর্নার অনুমতি দিয়েছেন বিচারপতি। রায় দেওয়ার সময় গুরুত্বপূর্ণ তুলনাও টেনেছেন এদিন বিচারপতি।
শর্ত সাপেক্ষে ৭২ ঘন্টার জন্য সরকারি কর্মীদের যৌথ মঞ্চ ধর্না অবস্থা করতে পারবেন। ২২ থেকে ২৪ ডিসেম্বর নবান্ন বাসস্ট্যান্ডে ওই ধর্না চালানো যাবে। বৃহস্পতিবার যৌথ মঞ্চের ধর্নায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে সকল আন্দোলনকারী এই বিক্ষোভ ধর্না কর্মসূচিতে যোগ দিতে পারবেন না।

৩০০ জনের বেশি একসঙ্গে ওই ধর্না মঞ্চে থাকতে পারবেন না। এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি। বকেয়া ডিএ সহ এক গুচ্ছ দাবিতে সরকারি কর্মীদের যৌথ মঞ্চ ধর্না করতে চেয়েছিল নবান্নের অদূরে। পুলিশের পক্ষ থেকে সেই অনুমতি দেওয়া হয়নি৷ তারপরেই কলকাতা হাইকোর্টে এই বিষয়ে মামলা হয়। বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানি হয়।
রাজ্যের তরফে আইনজীবী এই আবেদনের বিরোধিতা করেন। কিন্তু বিচারপতি সেই বক্তব্যে গুরুত্ব দেননি। বিচারপতি রাজাশেখর মান্থা পালটা বলেন, রেড রোডে র্যালি হচ্ছে। ১৪৪ ধারার মধ্যে ধরনার অনুমতি দেওয়া হচ্ছে। সেইসবে রাজ্য সরকারের অনুমতি থাকলে নবান্ন বাস স্ট্যান্ডে ধর্নায় কেন নয়?
মামলাকারীদের আইনজীবীর তরফ থেকে বলা হয়, রাজভবনের সামনে ১৪৪ ধারা ছিল। সেই সত্ত্বেও ধর্নায় অনুমতি দিয়েছিল পুলিশ। যদিও রাজ্যের বক্তব্য, এই ভাবে ধর্না দিয়ে কোনও কাজের কাজ কিছু হয় না। এরপর আরও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন বিচারপতি রাজাশেখর মান্থা।
বিচারপতি বলেন, কে বলেছে ধর্না দিয়ে কিছু হয় না? স্কুলের চাকরিতে নিয়োগ নিয়ে ছেলেমেয়েরা ধর্নায় বসে আছেন। সেজন্যই সরকারের প্রতিনিধি গিয়ে তাদের সঙ্গে দেখা করেছে। আলাপ আলোচনা হয়েছে। এরপরেই বিচারপতি তিন দিনের জন্য নবান্ন বাস স্ট্যান্ডের সামনে ধর্নার অনুমতি দেন।












Click it and Unblock the Notifications