অনুব্রতকে কমিশনের নজরবন্দি! সিদ্ধান্ত জানিয়ে দিল হাইকোর্ট
নিজের নজরবন্দিকে মিডিয়ার সামনে পাত্তা না দিলেও, বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল।
নিজের নজরবন্দিকে মিডিয়ার সামনে পাত্তা না দিলেও, বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল। হাইকোর্ট শুনানিতে নির্বাচন কমিশনের নির্দেশের ওপর কোনও অন্তবর্তী স্থগিতাদেশ জারি করতে এদিন অস্বীকার করে। বিচারপতি নির্বাচন কমিশনকে দু-সপ্তাহের মধ্যে হলফনামা পেশের নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে। তিন সপ্তাহ পর এই মামলার ফের শুনানি হবে।

রবিবার সন্ধেয় অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। কিন্তু অনুব্রত মণ্ডল বলেন, যা ওষুধ দেওয়ার দিয়ে দিয়েছি। ভোট তাঁর একচেটিয়া। তাঁর
ওপর নির্বাচন কমিশনের নজরদারি প্রসঙ্গে এমনটাই মন্তব্য করেছিলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। কমিশনের পদক্ষেপকে কোনও ভাবেই গুরুত্ব দিতে
রাজি নন বলে জানিয়েছিলেন তিনি।
যদিও এদিন বিষয়টি নিয়ে হাইকোর্টে আবেদন জানান আইনজীবী বৈশ্বানর চট্টোপাধ্যায়। এদিনই যাতে ১২ টায় শুনানি হয় সেই আবেদন তিনি করেন, বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে। সেই আবেদন মেনে মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি। অনুব্রত মণ্ডলের তরফে আইনজীবী বৈশ্বানর চট্টোপাধ্যায় অভিযোগ করেন অনুব্রত মণ্ডলের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করেছে কমিশন।
তবে শুনানির পর কলকাতা হাইকোর্টের বিচারপতি নির্বাচন কমিশনের নির্দেশের ওপর অন্তবর্তী স্থগিতাদেশ দিতে অস্বীকার করে বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছে বলে জানানো হয় হাইকোর্টের তরফে। মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি।
বিচারপতির নির্দেশ অনুযায়ী, দু-সপ্তাহের মধ্যে হলফনামা দেবে নির্বাচন কমিশন। পরের সপ্তাহে হলফনামা দেবেন মামলাকারী। তিন সপ্তাহ পর এই মামলার ফের শুনানি হবে।












Click it and Unblock the Notifications