সোমের পর মঙ্গলেও ঝড়বৃষ্টির সম্ভাবনা, ভিজবে কোন কোন জেলা? একনজরে দার্জিলিং থেকে দিঘার আপডেট
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ফের ঝড়বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। সোমবার রাতেই কলকাতা সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টি হয়েছে। তাতে সামান্য কমেছে গরমের পারদ। পুরোপুরি অস্বস্তি না গেলেও খানিক স্বস্তি মিলেছে। ওদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, একদিনের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। ফলে রাজ্যের বিভিন্ন অংশে ব্যাপক বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইবে।
মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং কালিম্পং জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কলকাতায় এদিন সারাদিন আকাশ মেঘলা থাকবে। সকাল থেকেই বেশ কিছু জায়গায় দফায় দফায় বৃষ্টি চলছে। সারাদিন তা চলতে পারে।
সাগরে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে আগামী কয়েকদিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বৃষ্টি হতে চলেছে। সামনেই পুজো। নানান ব্যস্ততা চলছে নানা পেশার মানুষের মধ্যে। দোকানি থেকে শুরু করে ব্যবসায়ী, সকলেই পুজোর মাসে ভালো বেচাকেনার আশায় থাকেন। পুজো এবার এগিয়ে আসায় অনেকেই ঝড়বৃষ্টির আশঙ্কা করেছিলেন। সেরকম পরিস্থিতি তৈরিও হচ্ছে। তবে আশা করা হচ্ছে, এই দুর্যোগ কেটে গিয়ে নতুন করে আর পুজোর আগে ঘূর্ণাবর্ত তৈরি হবে না। তাহলেই মূর্তি তৈরির কারিগর থেকে প্যান্ডেল তৈরির কারিগর পর্যন্ত সকলে মনের আনন্দে নিজেদের সৃষ্টিকে ফুটিয়ে তুলতে পারবেন।












Click it and Unblock the Notifications