বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, আন্দামানে প্রবল বৃষ্টি, নিম্নচাপে ‘বন্দি’ শীতের হাওয়া
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রকোপে উত্তরে হাওয়া নিরুদ্দেশ হয়ে গিয়েছে। শীতেরও তাই দেখা নেই। তার উপর আন্দামান সাগরে নিম্নচাপের প্রকোপে প্রবল ঝড়-বৃষ্টি চলছে।
কলকাতা, ৭ ডিসেম্বর : বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রকোপে উত্তরে হাওয়া নিরুদ্দেশ হয়ে গিয়েছে। শীতেরও তাই দেখা নেই। তার উপর আন্দামান সাগরে নিম্নচাপের প্রকোপে প্রবল ঝড়-বৃষ্টি চলছে। আটকে পড়েছে একাধিক জাহাজ। হ্যাভলক দ্বীপে আটকে পড়েছেন আট শতাধিক পর্যটক। দু'দিন ধরে এই সমুদ্র উত্তাল। ওই দ্বীপে ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছে চারটি জাহাজ। এই ঝড়-বৃষ্টির দাপট না কমলে শীতের কাঁপুনির স্বাদ পাবে না বাংলা।
এবার অগ্রহায়ণের শুরুতেই দাপট দেখাতে শুরু করলেও হঠাৎ উধাও হয়ে গিয়েছে শীত। অগ্রহায়ণ প্রায় শেষের দিকে। এবার পৌষের আগমনের অপেক্ষায় দিন গুণছেন বাঙালি। কিন্তু শীত দিক হারিয়ে ফেলায় আমেজটাই মাটি হয়ে যাচ্ছে বাঙালির।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে নিম্নচাপটি গভীর হয়েছে। ক্রমেই ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে তা।

তারই জেরে প্রবল বৃষ্টি চলছে আন্দামান সাগরে। আর এই নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ই আটকে রেখেছে উত্তরে হাওয়ার গতিপথ। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রিরও বেশি, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। আগামী দু'দিন সর্বনিম্ন তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। ফলে শীত এখনও বেশ দূরেই।
তাহলে কবে বঙ্গে প্রবেশ করবে শীত? আদৌ কি তা স্থায়ী হবে? আবহাওয়া দফতর জানাচ্ছে, শীত থিতু হতে এখনও অপেক্ষা করতে হবে দিন সাতেক। ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকেই রাজ্যে থিতু হবে শীত।












Click it and Unblock the Notifications