Heat wave: পয়লা বৈশাখে পুড়বে বঙ্গ, এপ্রিলের মাঝামাঝি থেকেই কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা
মেঘলা দিন, ফুরে ফুরে হাওয়া বেশিদিন থাকবে না রাজ্যে। মেঘ-বৃষ্টির খেলার মেয়াদ আর বেশিদিন নয়। গ্রীষ্মের প্রচণ্ড দহনে পুড়বে গোটা রাজ্য। এপ্রিল মাসের মাঝামাঝি থেকেই কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবল তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আইএমডি। আবহাওয়া দফতরের আধিকারীকরা জানিয়েছেন মার্চ মাস মনোরম হলেও এপ্রিল কিন্তু একেবারেই মনোরম হবে না।

তাপপ্রবাহের সতর্কতা
কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করল আইএমডি। কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় আবহাওয়া এখন বেশ মনোরম রয়েছে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি নীচে রয়েছে। গত কয়েকদিন ধরেই পশ্চিমী ঝঞ্ঝার দাপটে ঝড়-বৃষ্টি চলছে গোটা রাজ্যে। কলকাতা সহ পশ্চিমের জেলাগুলিতে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ জু়ড়ে ঝড়বৃষ্টি চলবে। কিন্তু মাঝামাঝি থেকেই তাপমাত্রা চড়তে শুরু করবে। তীব্র দহন শুরু হবে রাজ্যে। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপ প্রবাহের পূর্বাভাস দিয়েছে আইএমডি।

কোথায় কোথায় তাপপ্রবাহ
কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ তো বটেই দেশের একাধিক রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এপ্রিলের মাঝামাঝি থেকে জুনমাসের মাঝামাঝি পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের ভেতে ২-৪ ডিগ্রি বেশি থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ২৩ পরগনা জেলায় বইবে তাপপ্রবাহ। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ সংলগ্ন ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ এবং উত্তর ছত্তিশগড়েও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আইএমডি। কাজেই পয়লা বৈশাখে গ্রীষ্মের দহন মারাত্মক হবে তাতে কোনও সন্দেহ নেই।

অপেক্ষাকৃত কম গরম মার্চে
মার্চ মাসের শুরুতে হঠাৎ করে গরম দেখা দিলেও মোটের উপর গোটা মার্চ মাসেই তাপমাত্রা নিম্নমুখী ছিল। আইএমডির পক্ষ থেকে জানানো হয়েছে উত্তরভারতে মার্চ মাস থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করে। বসন্ত এসে যায়। কিন্তু এবার যেন পশ্চিমবঙ্গ সহ উত্তরভারতের একাধিক জায়গায় বসন্তের ছোঁয়া পাওয়া যাচ্ছে না। শীত গিয়েও যেতে চাইছে না। মার্চ মাসের শেষ সপ্তাহ জুড়ে উত্তর ভারতের একাধিক জায়গায় তুষারপাত হয়েছে। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার সান্দাকফুটে এপ্রিলের প্রথম দিনেও তুষারপাত হয়েছে। সিকিমেও হয়েছে তুষারপাত। একই পরিস্থিতি উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও। সিকিমে তো তুষারপাতের জেরে ধস নেমেছে রাস্তায়।

মার্চে তাপমাত্রা কম থাকার কারণ কী
মার্চ মাসে তাপমাত্রা স্বাভাবিকের থেকে তাপমাত্রা কম থাকার একাধিক কারণ রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আইএমডির পক্ষ থেকে জানানো হয়েছে মার্চমাস জুড়ে প্রায় ৭টি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পূর্ব ভারতে দেখা গিয়েছে। তারসঙ্গে দোসর হয়ে কাজ করছে বিপরীত ঘূর্ণাবর্ত। আরব সাগর এবং বঙ্গোপসাগর থেকে লাগাতার ঢুকতে থাকা জলীয় বাষ্প প্রতিকূল পরিস্থিতি তৈরি করেছিল। তার জেরেই দফায় দফায় ঝড়বৃষ্টিতে ভিজেছে উত্তরপূর্বের রাজ্যগুলি। সেই কারণে মার্চমাস জুড়ে তাপমাত্রা নিম্নমুখীই থেকেছে।












Click it and Unblock the Notifications