তাপপ্রবাহের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি চলবে সপ্তাহভর! সতর্কবার্তা আবহাওয়া দফতরের
তাপপ্রবাহের কবলে প্রায় সমগ্র বাংলা। মূলত পশ্চিম দিক থেকে আসা শুষ্ক বাতাসের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, তাপপ্রবাহ জনিত পরিস্থিতি এবং গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত বজায় থাকার সম্ভাবনা ৭ জুন বুধবার পর্যন্ত।
আবহাওয়া দফতর জানিয়েছে, মূলত শুঙ্ক আবহাওয়া পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজায় থাকবে ৭ জুন পর্যন্ত। এছাড়াও এই সময়ের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেশি থাকতে চলেছে। যে কারণে আবহাওয়া দফতরের তরফে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কোনও কোনও জায়গায়। এছাড়া বাকি জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে।
শুক্রবার ২ জুন, তাপপ্রবাহজনিত পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কোনও কোনও জায়গায়। এছাড়া বাকি জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি তৈরি হতে পারে।

৩ জুন থেকে ৫ জুন অর্থাৎ শনিবার থেকে সোমবার তাপপ্রবাহ থাকতে চলেছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। বাকি জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
৬ ও ৭ জুন অর্থাৎ মঙ্গলবার ও বুধাবর তাপপ্রবাহজনিত পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোনও কোনও জায়গায়। এছাড়া এই পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায়। এই দুদিন আর্দ্রতাজনিত অস্বস্তি তৈরি হতে পারে উত্তরবঙ্গের বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায়।

আবহাওয়া দফতরের তরফে সতর্কতা জারি করে বলা হয়েছে, এই সময় তাপমাত্রা বেশি থাকবে। সাধারণ মানুষ এই তাপমাত্রা সইতে পারলেও, তা ক্ষতি করতে পারে শিশু, বয়স্ক এবং যাঁদের ক্রনিক রোগ রয়েছে, তাঁরা। এছাড়াও যাঁরা দীর্ঘ সময় ধরে এই রোদে কাজ করছেন তাঁরা। এর ফলে হিট ক্র্যাম্প তৈরি হতে পারে।
আর ১১টা থেকে ৪ টের মধ্যে বাইরে বেরনোর ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। সম্ভব হলে এই সময়ের বাইরে কাজ সারতে হবে। যাঁদেরকে বেরোতেই হবে, তাঁরা যেন সুতির হাল্কা পোশাক পরেন। কাপড়, টুপি বা ছাতা দিয়ে মাথা ঢাকতে হবে। পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। খেতে হবে ওআরএস।












Click it and Unblock the Notifications