তাপপ্রবাহের আশঙ্কার তালিকায় আরও চার জেলা! কবে বাংলার কোন জেলায় হিট ওয়েভ, একনজরে পূর্বাভাস
চৈত্রের শেষ লগ্নে বাংলার আরও জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। মূলত পশ্চিম দিক থেকে আসা গরম শুষ্ক বাতাসের কারণে তাপপ্রবাহ কিংবা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির পরিবেশ বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আপাতত এই পরিস্থিতি আগামী ৬ এপ্রিল পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী চার থেকে পাঁচ দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে চলেছে। এছাড়া দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার থেকে পাঁচ ডিগ্রি ওপরে থাকবে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

- আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিন অর্থাৎ মঙ্গলবারের বাকি সময় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
- বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলার কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
- বৃহস্পতিবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
- শুক্রবার ও শনিবার পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
আবহাওয়া দফতরের তরফে সম্ভাব্য অবস্থা সম্পর্ক বলা হয়েছে, এই সময় তাপমাত্রা বেশি থাকবে। সাধারণ মানুষ এই তাপমাত্রা সইতে পারলেও শিশু, বয়স্ক, রোগাক্রান্ত মানুষদের সূর্যের তাপে দীর্ঘক্ষণ কাজ করা উচিত নয়। হিট ক্র্যাম্প ও হিট র্যাশ সম্পর্কে সতর্ক করা হয়েছে।
তাপপ্রবাহ-গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে রক্ষা পেতে বেলা এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে বাইরে করা কাজ সম্পর্কে সতর্ক করা হয়েছে। পাশাপাশি হাল্কা রঙের, হাল্কা সুতির পোশাক পরতে উপদেশ দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। এই সময়ে অসুস্থ হয়ে পড়লে, দুর্বল লাগলে, মাথা ধরা থাকলে চিকিৎসক কিংবা হাসপাতালে যেতে হবে।












Click it and Unblock the Notifications