Heat Wave: তাপপ্রবাহকে সঙ্গী করে শনিবার থেকে আরও বাড়বে গরম! পাঁচ দিনের জন্য জারি রেড অ্যালার্ট
Heat Wave: দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ থেকে আগামী এক সপ্তাহে কোনও নিস্তার নেই। বরং শনিবার থেকে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিসের আশঙ্কা রবিবার থেকে কয়েকদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।
সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। বিকেলের দিকে আর্দ্রতা সর্বনিম্ন থাকতে পারে ২০ থেকে ৪০ শতাংশের মধ্যে।

দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা
- শুক্রবার
এদিন তীব্র তাপপ্রবাহ বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের কোনও কোনও জায়গায়। যে কারণে রয়েছে লাল সতর্কতা। এছাড়া বাকি জেলাগুলিতে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট।
- শনিবার থেকে মঙ্গলবার
আবহাওয়া দফতর এই চার দিনের জন্য পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এই সময় বাকি জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।
- উত্তরবঙ্গের জন্য সতর্কতা
উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারের আবহাওয়ার পরিবর্তন যদি একটু হয়ও, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের আবহাওয়ার আপাতত পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। অর্থাৎ এই তিন জেলায় তাপপ্রবাহের অরেঞ্জ অ্যালার্ট থাকবে।
আবহাওয়া দফতর সতর্ক করে বলেছে, এদিনের পরে শনিবারেও কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে যাবে। এরপর রবিবার থেকে বৃহস্পতিবার দিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস কিংবা তার ওপরে থাকতে পারে। পশ্চিমের জেলাগুলির অনেক জায়গাতেই সেই সময় তাপমাত্রা ৪৫ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা করছেন আবহবিদরা।












Click it and Unblock the Notifications