সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন জমার দিনও তিনি থাকলেন না? কুণাল বললেন, দাঁতে ব্যথা যেতে পারিনি!
কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় মনোনয়নপত্র জমা দিলেন আজ শুক্রবার। সেই মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দেখা গেল না কুণাল ঘোষকে। তিনি কি বিতর্ক বাড়ালেন? না কি বিতর্ক এড়িয়ে গেলেন? সেই প্রশ্ন উঠছে।
সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে একাধিক আক্রমণাত্মক মন্তব্য করেছেন কুণাল ঘোষ। সুদীপ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী। তাই কুণাল ঘোষ নির্বাচনে কাজ করবেন। একথা দাবি করছেন কুণাল। তবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণও করেছেন একইরকম ভাবে।

অতি সম্প্রতি শাস্তির মুখে পড়েছেন কুণাল ঘোষ। তৃণমূলের সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তারকা প্রচারক হিসেবেও তিনি নেই। তাকে কোথাও প্রচার করতে যেতেও দেখা যাচ্ছে না। এই অবস্থায় দলের মধ্যে কি কোণঠাসা কুণাল ঘোষ? সেই প্রশ্ন উঠেছিল।
আজ শুক্রবার সুদীপ বন্দ্যোপাধ্যায় মনোনয়নপত্র পেশ করলেন। কুণাল ঘোষ কি এই মনোনয়ন পেশের সময় উপস্থিত থাকবেন? প্রশ্ন উঠেছিল। দেখা গেল কুণাল ঘোষ উপস্থিত হননি। কিন্তু কেন তিনি থাকলেন না? পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল জানালেন, তার দাঁত ব্যথা।
এদিন সাংবাদিক বৈঠক করেন কুণাল ঘোষ। তিনি বলেন, "সুদীপদা ভালো জায়গায় রয়েছেন। জয় নিয়ে কোনও সমস্যা নেই। কোনও আশঙ্কা নেই। দাঁতে ব্যথা বলে যেতে পারিনি। " কিন্তু সত্যিই কি তাই? না কী কুণাল ঘোষ মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত থাকতে চাননি? তাই তিনি কৌশলে এড়িয়ে গেলেন। এই প্রশ্ন উঠেছে।
উত্তর কলকাতা জেলা নির্বাচনী আধিকারিক দফতরে, মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, অতীন ঘোষ, তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সহ অন্যান্যরা। জয়ের ব্যাপারে তিনি বরাবর আশাবাদী। কোনও নির্দিষ্ট প্রতিপক্ষকে গুরুত্ব দিতে তিনি রাজি নন। প্রতি বার নির্বাচনে তিনি জয়ের ব্যবধান বাড়াতে চান। এ কথাই স্পষ্ট জানালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications