কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়ে ফের বিক্ষোভের মুখে জ্ঞানেশ কুমার, উঠল 'গো ব্যাক' স্লোগান, দেখানো হল কালো পতাকা
কলকাতার কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়ে ফের বিক্ষোভের মুখে পড়লেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আজ সকালে মন্দিরে পৌঁছতেই তাঁর বিরুদ্ধে 'গো ব্যাক' স্লোগান ওঠে এবং কালো পতাকা দেখানো হয়।

রবিবার রাতে অর্থাৎ গতকাল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় পৌঁছনোর সময়ও এই একই ধরনের বিক্ষোভের ঘটনা ঘটেছিল। রাস্তার ধারে বিক্ষোভ দেখান CPIM (Communist Party of India) এবং TMC (All India Trinamool Congress)-এর সমর্থকরা। আজ সকালে কালীঘাটে সেই ঘটনারই পুনরাবৃত্তি দেখা যায়।
এদিন পুজো দিতে যাওয়ার সময় তাঁর সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার অগরওয়াল ছিলেন। কমিশনার মন্দিরে পৌঁছনোর আগে থেকেই চত্বরে বিক্ষোভ চলছিল। তারপর তিনি পৌঁছতেই স্লোগান আরও জোরদার হয়ে যায়। তবে সম্পূর্ণ পরিস্থিতিতে শান্ত থাকেন জ্ঞানেশ কুমার। পুজো দেওয়ার পর তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে শুধু বলেন, "পশ্চিমবঙ্গের সমস্ত ভাইবোনকে আমার প্রণাম। মা কালী সবাইকে ভালো রাখুন।" বিক্ষোভ প্রসঙ্গে কোনওরকম মন্তব্য করেননি তিনি।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে তিন দিনের সফরে এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁর সঙ্গে রয়েছেন নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক জোশীও। সফরের সূচিতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে প্রশাসন এবং পুলিশ কর্তাদের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে।
সম্প্রতি ভোটার তালিকা নিবিড় সংশোধন অথবা SIR ঘিরে রাজ্য রাজনীতি অনেকটাই উত্তপ্ত। আর সেই আবহেই পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন যে, কমিশনের শীর্ষ কর্তাদের এই সফরকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে।












Click it and Unblock the Notifications