শাহের কাছে রাজ্যপালের নালিশ, শেখ শাহজাহানের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নজর ইডির, তৈরি সম্পত্তির তালিকাও
Shahjahan Shaikh: ঘটনার প্রায় মাস ঘুরতে চলল! এখনও খোঁজ নেই সন্দেশখালির বেতাজ 'বাদশা' শেখ শাহজাহানের। তবে অন্তরালে থেকেই ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। যদিও পুলিশ এখনও শাহজাহানের খোঁজ পাচ্ছে না। এমনকি ইডির ডাকেও সাড়া দেননি প্রভাবশালী এই তৃণমূল নেতা।
এই অবস্থায় বৃহস্পতিবারই অমিত শাহের কাছে শেখ শাহজাহানের (Shahjahan Shaikh) বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কেন্দ্রীয়স্তরে এই বিষয়ে যাতে কড়া ব্যবস্থা নেওয়া হয় সেই আর্জিও তিনি জানিয়েছেন বলে খবর।

এরপরেই শেখ শাহজাহানের বিরুদ্ধে তদন্তে গতি বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং লেনদেন সংক্রান্ত তথ্য জোগাড়ে নেমে পড়লেন তদন্তকারী আধিকারিকরা। রেশন দুর্নীতি কাণ্ডে ইডির নজরে এই তৃণমূল নেতা।
মোটা অঙ্কের বিনিময়ে বিভিন্ন সুবিধা নেওয়ার অভিযোগ সামনে এসেছে। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে এই তৃণমূল নেতার নাম পাওয়া যায়। আর এর পরেই ঘটনার তদন্ত করতে গিয়ে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে যান ইডি আধিকারিকরা। তদন্ত তো দূর, রীতিমত মার খেয়ে ফিরতে হয় কেন্দ্রীয় আধিকারিকদের।
গত কয়েকদিন আগেও সন্দেশখালিতে শেখ শাহজাহানের (Shahjahan Shaikh) বাড়ি যায় ইডি। তালা ভেঙে ঢুকে চলে তল্লাশি। কিন্তু কিছুই পাওয়া যায়নি। কিন্তু দীর্ঘ তদন্তে বেশ কিছু তথ্য পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। তৃণমূল নেতার চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে বলেও খবর। আর তাতে কোন সময় কত টাকা পড়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। সেই টাকার উৎস কি তাও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।
ইতিমধ্যে মুম্বইয়ের অ্যান্টি মানি লন্ডারিং ইউনিটকে একটি চিঠিও ইডির তরফে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পাঠানো হয়েছে তৃণমূল নেতার প্যান এবং আধারের তথ্য। পাশাপাশি আয়কর দফতরের কাছেও এই বিষয়ে ইডি তথ্য চেয়েছে বলে খবর।
সব মিলিয়ে সন্দেশখালির বেতাজ বাদশার বিরুদ্ধে একেবারে কোমর বেঁধে তদন্তে নামতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দিল্লি উরে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। দুজনের কাছেই রাজ্যের আইনশৃঙ্খলা সংক্রান্ত ছবি তুলে ধরেন রাজ্যপাল।
অভিযোগ জানান শেখ শাহজাহানের বিরুদ্ধে। এমনকি কেন্দ্র যাতে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে সেই আবেদন জানিয়েছেন বলে সূত্রে খবর। বৈঠক শেষে রাজ্যপাল আনন্দ বোস জানিয়েছেন, গোটা ঘটনায় কড়া পদক্ষেপ প্রয়োজন।












Click it and Unblock the Notifications