হাথরসের তুলনা অধীরের! হাঁসখালির ঘটনায় রিপোর্ট চাইলেন রাজ্যপাল ধনখড়
বাংলার সঙ্গে হাথরসের তুলনা অধীরের! হাঁসখালির ঘটনায় রিপোর্ট চাইলেন রাজ্যপাল ধনখড়
হাঁসখালির ঘটনায় তোলপাড় বাংলা! আর এর মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। যদিও রঙ না দেখে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রশাসনিক প্রধানের। জানা যাচ্ছে, এই ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশ প্রশাসনের। ইতিমধ্যে এই ঘটনায় পাঁচ জনের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। মামলার তদন্তে এই গোপন জবান বন্দি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।

১৪ দিনের হেফাজতে নিয়েছে পুলিশ
অন্যদিকে ঘটনায় মূল অভিযুক্তকে ১৪ দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। আর এরপরেই ধৃতকে দফায় দফায় জেরা করে ঘটনার সূত্রে পৌঁছানোর চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কিনা সে বিষয়টিও জানার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে ধৃত তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে ধর্ষণ, গনধর্ষণ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে শিশু সুরক্ষা অধিকার কমিশনও বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা যাচ্ছে।

নড়েচড়ে বসলেন রাজ্যপাল জগদীপ ধনখড়
অন্যদিকে হাঁসখালির ঘটনায় নড়েচড়ে বসলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ইতিমধ্যে রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করলেন তিনি। রাজ্যের মুখ্যসচিবের কাছে এই বিষয়ে বিস্তারিত তথ্য রাজভবনকে জানানোর নির্দেশ দিয়েছেন রাজ্যপাল ধনখড়। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে হাঁসখালির ঘটনায় তৎপর হওয়ার আগে দীর্ঘক্ষণ শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। আর এরপরেই এই রিপোর্ট তলব।
|
উত্তাল হয়ে ওঠে রাজভবন চত্বর
অন্যদিকে এই সপ্তাহেই কলকাতা হাইকোর্টে হাঁসখালির ঘটনার মামলার শুনানি রয়েছে। আজ সোমবার এই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। মামলার অনুমতি দিয়েছে আদালত। পাশাপাশি ঘটনার প্রতিবাদে রাজভবনের সামনে প্রতিবাদ দেখান এসইউসিআই'য়ের নেতা-কর্মীরা। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে রাজভবন চত্বর। পরে বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলা হাথরসে পরিণত হয়ে গিয়েছে
পাশাপাশি হাঁসখালির ঘটনা নিয়ে রাজ্য প্রশাসনকে তীব্র আক্রমণ বিরোধীদের। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা বাম-কংগ্রেস। লজ্জাজনক বলে ব্যাখ্যা বিজেপিরও। তবে এই বিষয়ে মমতাকে তীব্র আক্রমণ করেছেন অধীর চৌধুরী। তিনি বলেন, বাংলা হাথরসে পরিণত হয়ে গিয়েছে। বাংলায় নথি ছাড়াই কত শব পুড়ে যাচ্ছে কেউ জানে না বলেও তোপ তাঁর। একই সঙ্গে প্রদেশ সভাপতি বলেন, আইনে স্পষ্ট বলা হয়েছে স্বামী স্ত্রীকে ধর্ষণ করতে পারে না। আমার লজ্জা লাগছে...! একটা ১৪ বছরের মেয়ে ধর্ষণ হল, আর উনি গর্ভবতী কিনা খুঁজছেন? তীব্র আক্রমণ।

এই ঘটনা সম্পূর্ণ ব্যক্তিগত
যদিও তৃণমূলের দাবি, এই ঘটনা সম্পূর্ণ ব্যক্তিগত। এখানে তৃণমূলকে কালিমালিপ্ত করতেই বিরোধীরা একজোট হয়েছে বলে দাবি কুণাল ঘোষের। উল্লেখ্য, এর আগে মমতা বলেন, ঘটনা কি সেটা খুঁজে বার করা হচ্ছে। তবে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে বিতর্কিত মন্তব্য করে বসেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। অন্যদিকে আগামীকাল মঙ্গলবার হাঁসখালি যাচ্ছেন শুভেন্দু অধিকারী। কথা বলবেন পরিবারের সদস্যদের সঙ্গে। কি ঘটনা তা জানার চেষ্টা করবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা।












Click it and Unblock the Notifications