রাজ্যপাল হয়েও আরএসএস সদস্য! ছোট্ট একটা মন্তব্যেই বিতর্কের পারদ চড়ালেন তথাগত
সাংবিধানিক শীর্ষপদে আসীন হয়েও রাজনীতিকরণের নমুনা রাখলেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। ফের একবার তিনি নিজেকে কোনও একটি বিশেষ সংগঠন ও বিশেষ রাজনৈতিক দলের সদস্য বা নেতা হিসেবে চিহ্নিত করে ফেললেন।
সাংবিধানিক শীর্ষপদে আসীন হয়েও রাজনীতিকরণের নমুনা রাখলেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। ফের একবার তিনি নিজেকে কোনও একটি বিশেষ সংগঠন ও বিশেষ রাজনৈতিক দলের সদস্য বা নেতা হিসেবে চিহ্নিত করে ফেললেন। প্রকাশ্যেই নিজেকে আরএসএসের সমর্থক বলে জানিয়ে গেলেন খোদ রাজ্যপাল। এই ঘটনায় বিতর্কের পারদ চড়ল হু-হু করে।

ফের একবার বিতর্কে
রাজ্যপালের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে থেকে নিজেকে প্রকাশ্যে আরএসএসের সদস্য হিসেবে মত প্রকাশ করে ফের একবার বিতর্কে জড়ালেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। শনিবার সকালে মধ্যমগ্রামের বাদুতে শঙ্কর মঠ ও মিশনে একটি ঘরোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসে এমনই সংকীর্ণ রাজনৈতিক ও ধর্মীয় মত প্রকাশ করেন মেঘালয়ের রাজ্যপাল।

এক কথাতেই বিতর্ক
তিনি বলেন, আমাদের আরএসএসের প্রবীণ সদস্যের সঙ্গে দেখা করতে এসেছিলাম। তাঁর এই কথাতেই বিতর্ক ছড়িয়ে পড়ে। তিনি বলেন আমাদের আরএসএস বলাতেই বিতর্ক দানা বাঁধে। কেন তিনি একটা রাজ্যের রাজ্যপাল হয়েও এই কথা বললেন, তা নিয়েই চর্চা চলছে দিনভর।

আরএসএসের সদস্য রাজ্যপাল!
একজন সাংবিধানিক শীর্ষপদে আসীন ব্যক্তি নিজেকে একজন আরএসএসের সক্রিয় সদস্য হিসেবে ঘোষণা করতে পারেন কিনা তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তা নিয়ে বিতর্কের মধ্যেই তৃণমূল-সহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে সমালোচনার ঝড় বইয়ে দেওয়া হয়।

তৃণমূলের প্রতিক্রিয়া
বারাসতের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ বলেন, একজন রাজ্যপাল হয়ে এমন ধরনের মন্তব্য করা গর্হিত। তিনি এর আগে একাধিকবার নিজেকে বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে জড়িত বলে আভাস দিয়েছেন। একজন রাজ্যপালের ব্যাকগ্রাউন্ড রাজনৈতিক হতেই পারে। তবে রাজ্যপাল হিসেবে নিযুক্ত হওয়ার পর তাঁর আর রাজনীতিক হিসেবে পরিচয় দেওয়া ঠিক নয়।

তথাগত শিক্ষক হত্যার সমালোচনা.
এদিন নিজেকে আরএসএস সদস্য হিসেবে পরিচয় দেওয়ার পাশাপাশি মুর্শিদাবাদের শিক্ষকের পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের তুলনা চলে।












Click it and Unblock the Notifications