রেশনে দুর্নীতির অভিযোগে ফের সরব রাজ্যপাল! অফিসারদের সজাগ থাকার নির্দেশ
রেশনে দুর্নীতির অভিযোগে ফের সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকর। তাঁর উদ্যোগেই রাজ্য সরকার এফসিআই থেকে খাদ্যশস্য তুলেছে বলে টুইটে জানিয়েছেন রাজ্যপাল।
রেশনে দুর্নীতির অভিযোগে ফের সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকর। তাঁর উদ্যোগেই রাজ্য সরকার এফসিআই থেকে খাদ্যশস্য তুলেছে বলে টুইটে জানিয়েছেন রাজ্যপাল। রেশন নিয়ে বিক্ষোভ কিংবা হিংসার দমনে অফিসারদের সজাগ থাকার পরামর্শ দিয়েছেন রাজ্যপাল।

রেশন নিয়ে ফের সরব রাজ্যপাল
এদিন রেশ নিয়ে ফের সরব হয়েছেন রাজ্যপাল। তাঁর উদ্যোগেই যে রাজ্য সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার ৩.৩৮ লক্ষ টন চাল তুলেছে , সেকথা জানিয়েছেন তিনি। পাশাপাশি রেশন নিয়ে আধিকারিকদের সজাগ থাকার নির্দেশও দিয়েছেন।
প্রসঙ্গত লকডাউন শুরুর সময়েই প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে ৩ মাস ফ্রি রেশন দেওয়া হবে। এই প্রকল্প অনুযায়ী প্রত্যেককে ৫ কেজি করে চাল ও পরিবার পিছু ১ কেজি করে ডাল দেওয়া হবে।

আগেও রেশন নিয়ে সরব রাজ্যপাল
রাজ্যের রেশন ব্যবস্থা নিয়ে আগেও সরব হয়েছিলেন রাজ্যপাল। কেন্দ্রের ঘোষণা করা চাল রাজ্য সরকার না নেওয়ার অভিযোগ প্রসঙ্গে ১৯ এপ্রিল কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের সঙ্গে কথা বলেছিলেন। রামবিলাস জানিয়েছিলেন, কেন্দ্রীয় সরকার তাদের দিক থেকে কোনও ত্রুটি রাখেনি। রাজ্যপাল জানিয়েছেন, তিনি সক্রিয় হওয়ার পরে রাজ্য সরকার সক্রিয় হয়েছে এবং এফসিআই-এর গুদাম থেকে চাল তোলা শুরু করেছে।
একইসঙ্গে রাজ্যপাল আশা প্রকাশ করেছিলেন চাল নির্দিষ্ট লোকের হাতেই যাবে। কোন রাজনীতির লোক কিংবা কালোবাজারির হাতে যাবে না। এব্যাপারে প্রশাসনের কেউ যদি যুক্ত থাকেন, তাঁদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

সরকারি দলের বিরুদ্ধে অভিয়োগ তুলেছিলেন
রাজ্যপাল অভিযোগে বলেছিলেন, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসেছে তৃণমূলের জন প্রতিনিধিরা রেশন ডিলারদের থেকে মাল তুলে নিয়ে যাচ্ছেন। তাঁর অভিযোগ ছিল, রেশনের ওই কেলেঙ্কারি বড় হচ্ছে। রেশনের জিনিস রাজনৈতিক হাইজ্যাক অপরাধ বলেও মন্তব্য করেছেন রাজ্যপাল।












Click it and Unblock the Notifications