নজিরবিহীন পদক্ষেপ, রাজ্য নির্বাচন কমিশনারকে তলব রাজ্যপাল জগদীপ ধনকরের
নজিরবিহীন পদক্ষেপ, রাজ্য নির্বাচন কমিশনারকে তলব রাজ্যপালের
ফের নজিরবিহীন পদক্ষেপ রাজ্যপাল জগদীপ ধনকরের। রাজ্যে নির্বাচন কমিশনার সৌরভ দাসকে তলব করেছেন তিনি। ২৭ ফেব্রুয়ারি তাঁকে রাজভবনে তলব করা হয়েছে। ঘটনাটি রাজ্যপাল টুইট করে জানিয়েছেন। এর আগে প্রচারের জন্য পর্যাপ্ত সময় যাতে পাওয়া যায়, তার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনে দরবার করেছিলেন বিজেপি নেতা মুকুল রায়।

রাজ্য চায় ভোট হোক এপ্রিলে
রাজ্য সরকার রাজ্য নির্বাচন কমিশনকে জানিয়েছে রাজ্যে পুরসভার ভোট হোক এপ্রিলে। ১২ এপ্রিল কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন হতে পারে।

রাজ্য নির্বাচন কমিশনারকে তলব রাজ্যপালের
রাজ্যপাল জগদীপ ধনকর টুইট করে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে তলব করার কথা জানিয়েছেন। সঙ্গে তিনি বলেছেন, সংবিধান মেনেই তিনি এই তলব করেছেন। রাজ্যের আসন্ন পুরসভা নির্বাচন সম্পর্কে তিনি জানতে চান বলেও উল্লেখ করেছেন তিনি।

পরীক্ষার্থীদের অসুবিধা করে যেন ভোট না করা হয়, বলেছিল বিজেপি
রাজ্য নির্বাচন দফতরে গিয়েছিলেন মুকুল রায়। তিনি বলেছিলেন পরীক্ষার দিন যেন এমনভাবে ফেলা না হয়, যাতে পরীক্ষার্থীদের অসুবিধা হয়। সাধারণভাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় মাইক বাজিয়ে প্রচার নিষিদ্ধ। ফলে সেই সময় যাতে ভোটের নির্ঘন্ট ফেলা না হয়, তার জন্য বিজেপির তরফে আবেদন জানানো হয়েছে।

যে কোনও সময় ভোটে তৈরি বিজেপি
রাজ্য নির্বাচন কমিশনের দফতর থেকে বেরিয়ে মুকুল রায় বলেন, যে কোনও সময় ভোটে লড়াইতে তৈরি বিজেপি। মুকুল রায় এদিন বলেন, ভোটের বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে নির্বাচনের জন্য ২৪ দিন সময় পাওয়া যায়। সব মিলিয়ে পুরো প্রচারের জন্য পাওয়া যায় ১৪ দিন। এই সময় যাতে পাওয়া যায় তাঁর জন্য দাবি করেছেন মুকুল রায়।












Click it and Unblock the Notifications