নাইসেডের রিপোর্টে প্রকাশ হয়েছে রাজ্যের অবস্থা! করোনা মোকাবিলায় মমতাকে নতুন পরামর্শ ধনকরের
রাজ্যে বিরোধীদের পাশাপাশি করোনা মোকাবিলায় এবার রাজ্য সরকারকে পরামর্শ রাজ্যপালের। এই মুহুর্তে সময়ের প্রয়োজনে বিস্তৃত পরীক্ষা জরুরি বলে মন্তব্য করেছেন রাজ্যপাল।
রাজ্যে বিরোধীদের পাশাপাশি করোনা মোকাবিলায় এবার রাজ্য সরকারকে পরামর্শ রাজ্যপালের। এই মুহুর্তে সময়ের প্রয়োজনে বিস্তৃত পরীক্ষা জরুরি বলে মন্তব্য করেছেন রাজ্যপাল। প্রসঙ্গত সোমবার নাইসেডের রিপোর্ট প্রকাশ হওয়ার পরেই সিপিএম রাজ্য সম্পাদক লকডাউন মেনে প্রতিবাদের হুঁশিয়ারি দিয়েছিলেন।

আইসিএমআর নাইসেডের ডিরেক্টরের অভিযোগ
ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চের কলকাতার নোডাল সেন্টারে কম নমুনা পাঠানো হচ্ছে। দিনে ২০টি নমুনাও পাঠানো হচ্ছে না নোডাল সেন্টারে। কিন্তু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে আরও বেশি করে নমুনা করোনা পরীক্ষার জন্য পাঠানো উচিত। পশ্চিমবঙ্গ থেকে কম পরিমাণে নমুনা পরীক্ষার জন্য আসছে বলে অভিযোগ করেছেন আইসিএমআর এবং নাইসেডের ডিরেক্টর চিকিৎসক শান্তা দত্ত। তিনি অভিযোগ করেছেন প্রথম থেকে একই পরিমাণ নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।

নাইসেডের রিপোর্ট হাতিয়ার রাজ্যপালের
আইসিএমআর নাইসেডের ডিরেক্টর শান্তা দত্তের সাক্ষাৎকারকেই হাতিয়ার করেছেন রাজ্যপাল। রাজ্যপাল বলেছেন সময়ের প্রয়োজনে করোনা ভাইরাসে বিস্তৃত পরীক্ষা জরুরি। সরকারকে অ্যাকশন মোডে থাকারও উপদেশ দিয়েছিলেন তিনি। করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে ১০০ শতাংশ দিতে হবে বলেও জানিয়েছেন রাজ্যপাল।

হুঁশিয়ারি দিয়েছিলেন সূর্যকান্ত
এই খবরই তুলে ধরেন সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন এটা সব রকম সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীকে পুরো দায়িত্ব নিতে হবে এবং ২৪ ঘন্টার মধ্যে নমুনা পরীক্ষা স্বচ্ছতা সুনিশ্চিত না হলে লকডাউন মেনে যে কোনও প্রতিবাদে সামিল হবে বামেরা। জানিয়েছেন তিনি।

সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ বিরোধীদের
বিজেপি থেকে বাম রাজ্যের বিরোধীদের অভিযোগ, করোনা সংক্রমণ নিয়ে তথ্য গোপন করছে সরকার। মৃত ও রোগাক্রান্তদের সংখ্যা নিয়ে তথ্য গোপন করা হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। একইসঙ্গে পর্যাপ্ত কিট থাকা সত্ত্বেও পর্যাপ্ত পরীক্ষা না করার অভিযোগও করেছেন তাঁরা।












Click it and Unblock the Notifications