পঞ্চায়েত ভোট মিটতেই দিল্লি পাড়ি রাজ্যপালের, অমিত শাহের সঙ্গে বৈঠক-জল্পনা
পঞ্চায়েত ভোট মিটতেই দিল্লি যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দিল্লিতে তাঁর সঙ্গে বৈঠক হতে পারে কেন্রী য় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। বাংলায় পঞ্চায়েত ভোটের আগে থেকে কয়েক সপ্তাহ ধরে জেলায় জেলায় ছুটে বেড়িয়েছেন রাজ্যপাল। নিজের চোখে প্রত্যক্ষ করেছেন ভোট সন্ত্রাসের করুণ কাহিনি।
তবে কি সেই ছবি তুলে ধরতেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তিনি, তা নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা চলছে। রাজ্যপাল রাজনৈতিক হত্যার বিল হওয়া নেতা-কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন। সেইসবই তিনি অমিত শাহের কাছে তুলে ধরতে পারেন।

শনিবার রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে বেলাগাম সন্ত্রাস দেখা গিয়েছে। ভোটের দিনেই প্রাণ হারিয়েছেন ১৬ জন। তার আগে আরও ১৯ জনের প্রাণ গিয়েছে এই ভোটকে কেন্দ্র করে। যদিও রাজ্য নির্বাচন কমিশন ভোটের বলি হিসেবে উল্লেখ করেছে মাত্র ১০ জনকে। আর ভোটের দিন প্রাণ হারিয়েছেন মাত্র ৩ জন।
ময়দানে নেমে এই বৈপরীত্যও প্রত্যক্ষ করছেন রাজ্যপাল। রাজ্যপাল বলেছেন, এই হিংসাশ্রয়ী ভোট দেখার পর রাজ্যপাল হিসেবে যা করার করব। আর তাঁর সেই মন্তব্যের পর এদিন দিল্লি রওনা হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাতেই জল্পনার পারদ চড়তে শুরু করেছে।

রবিবার বিকেলে দিল্লি রওনা দিয়েছেন রাজ্যপাল। সন্ধ্যা ৬টা নাগাদ তিনি রাজভবন থেকে তিনি দিল্লির উদ্দেশে যাত্রা করেন। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বাংলার রাজ্যপালের বৈঠক হওয়ার কথা। সেখানে রাজ্যপাল বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট দিতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রীকে।
রাজ্যপাল এই বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার ভূমিকাও তুলে ধরতে পারেন। রাজ্য নির্বাচন কমিশনার যে আদৌ নিরপেক্ষ ভূমিকা পালন করেননি এবং নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন সেই বার্তাও দিতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে।












Click it and Unblock the Notifications