গুরুতর অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস, তড়িঘড়ি ভর্তি করানো হল কমান্ড হাসপাতালে
গুরুতর অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস। সম্প্রতি মুর্শিদাবাদ থেকে তিন দিনের সফর সেরে ফিরেছেন তিনি। আর আজ সকালেই আচমকায় রাজভবনে অসুস্থ হয়ে যান তিনি। বুকে ব্যাথা থাকায় তাঁকে তড়িঘড়ি কমান্ড হাসপাতালে নিয়ে আসা হয়। আর সেখানে তাঁর বিভিন্ন ধরনের টেস্ট করে দেখা গেছে, রাজ্যপালের হার্টে ব্লকেজ রয়েছে।
এই খবর পেয়ে সোমবার শালবনিতে যাওয়ার আগে তাঁকে সরাসরি হাসপাতালে দেখতে চলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সেখান থেকে বেড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, "রাজ্যপালের শরীরটা খারাপ। আমি দেখতে গিয়েছিলাম। তাই একটু দেরি হয়ে গেল"।

মুখ্যমন্ত্রী আজ শালবনি যাচ্ছেন জিন্দল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করতে। আগামীকাল মেদিনীপুর যাবেন। এদিন ডুমুরজলা স্টেডিয়ামে কপ্টারে ওঠার আগে মুখ্যমন্ত্রী বলেন, "আমার যেতে একটু দেরি হয়ে গেল। আজ শালবনিতে বিদ্যুৎকেন্দ্রের শিলান্যাস। কাল (মঙ্গলবার) মেদিনীপুরে যাব। তারপর আবার কলকাতায় ফিরব। আপনারা সকলে ভাল থাকবেন"।
যা জানা যাচ্ছে, রাজ্যপালের এখনও একাধিক পরীক্ষা নিরীক্ষা হবে। তারপর তাকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হবে। আপাতত, কমান্ড হাসপাতালেই চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রীও, চিকিৎসকদের সাথে কথা বলে গেছেন এবং যাবতীয় চিকিৎসা চালানোর অনুরোধও করে গেছেন।
গত সপ্তাহে মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তির জেরে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠেছিল। পাশের জেলা মালদহেও আশ্রয়হারাদের ক্যাম্প খোলা হয়। সেসব এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে মালদহ ও মুর্শিদাবাদে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস।
সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে, তাঁদের দুঃখ-দুর্দশার কথা শুনে, নিরাপত্তার আশ্বাস দিয়ে শনিবার রাতে ফেরেন কলকাতায়। আর সোমবারই সকালে রাজভবনে অসুস্থ হয়ে পড়েন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আপাতত, হার্ট ব্লকেজ নিয়ে হাসপাতালেই রয়েছেন তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন রাজ্যপালের বাইপাস সার্জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যপালের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications