শিল্প-বান্ধব হলদিয়া! বিনিয়োগকারীদের আর কী বললেন রাজ্যের মন্ত্রী
হলদিয়ায় শিল্প বান্ধব পরিবেশ গড়তে বিশেষ উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। হলদিয়া জুড়ে ব্যাপক শিল্পোন্নয়নের লক্ষ্যেই সরকার এই উদ্যোগ নিচ্ছে বলে শিল্প প্রতিনিধিদের জানালেন শুভেন্দু অধিকারী।
লক্ষ্য ব্যাপক শিল্পায়ন। আর সেই লক্ষ্যেই হলদিয়ায় শিল্প বান্ধব পরিবেশ গড়তে বিশেষ উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। হলদিয়া জুড়ে ব্যাপক শিল্পোন্নয়নের লক্ষ্যেই সরকার এই উদ্যোগ নিচ্ছে বলে শিল্প প্রতিনিধিদের জানালেন রাজ্য মন্ত্রিসভার সদস্য তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী।

মার্চেন্ট চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডেস্টিনেশন হলদিয়া ফোরাম ২০১৮-এর উদ্যোগে আযোজিত শিল্পসভায় প্রধান বক্তা ছিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান। হলদিয়ার সতীশ সামন্ত ট্রেড সেন্টারে আয়োজিত শিল্পসভায় উপস্থিত বিনিয়োগকারীদের তিনি বলেন, শিল্পের স্বার্থে হলদিয়া জুড়ে ব্যাপক পরিকাঠামোগত উন্নয়নের কাজ শুরু হয়েছে। সরকারের এই উদ্যোগের ফলে হলদিয়া হয়ে উঠছে শিল্প বান্ধব এলাকা। সেকারণেই পূর্ব মেদিনীপুরের এই শিল্প শহরে নতুন নতুন বিনিয়োগ আসছে বলে পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি।
শিল্প প্রতিনিধি তথা বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, হলদিয়া উন্নয়ন পর্ষদের হাতে জমি রয়েছে। শিল্পের জন্য বিনিয়োগকারীরা জমি চাইলেই তাদের ল্যান্ড ব্যাংক থেকে চট জলদিই জমি দেওয়া হবে। শিল্পসভায় হলদিয়া বন্দর, পেট্রোকেমিক্যালস, আইওসি-সহ হলদিয়ার একাধিক শিল্প সংস্থার প্রতিনিধিরা হাজির ছিলেন।












Click it and Unblock the Notifications