ভোটের আগে সরকারি কর্মীদের জন্যে মাস্টারস্ট্রোক মমতার, উপকৃত হবেন অনেকে
সামনেই ভোট। আর এই ভোটের মুখে কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে বাজেটে একগুচ্ছ ঘোষণা, প্রকল্পের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, ক্ষোভ মেটাতে পার্শ্ব শিক্ষক বেতন বৃদ্ধি করা হয়েছে। বেতন বৃদ্ধি হয়েছে রাজ্য পুলিশেও। এবার রাজ্য সরকারি কর্মীদের জন্যে বড়সড় সিদ্ধান্ত নবান্নের। রাজ্য সরকারি কর্মীদের প্লট দেওয়ার সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের। ডিএ সহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারের ভূমিকাতে ক্ষুব্ধ সরকারি কর্মচারীদের একাংশ। সেখানে দাঁড়িয়ে ভোটের মুখে প্লট দেওয়ার সিদ্ধান্ত।

৪০০ আবাসিক প্লট
রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আবাসন দেওয়ার সিদ্ধান্ত রাজ্য নগরোন্নয়ন দফতরের। নিউটাউন এর অ্যাকশন এরিয়া-১,এরিয়া-২ ও এরিয়া-৩ তে মোট ৪০০টি প্লটের জন্য বরাদ্দ করা হয়েছে। জানা গিয়েছে, সমবায় ভিত্তিতে এই বাড়ি বানানো যাবে বলে সিদ্ধান্ত রাজ্য সরকারের। তবে এই প্লট সবাই পাবে না। রাজ্য সরকারি কর্মীদের একাংশ এই প্লট পাবে বলে জানা গিয়েছে। অর্থাৎ মধ্যবিত্তন এবং উচ্চবিত্তদের এই প্লট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৯৯ বছরের লিজ দেওয়া হবে এই প্লট!
রাজারহাটে এই প্লটগুলি ৯৯ বছরের লিজে দেওয়া হবে। সমবায় ভিত্তিতে এগুলি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবেদনকারীদের তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এই তিন ক্যাটাগরি ক্ষেত্রেই এই প্লটগুলির জন্যে আবেদন করা যাবে। এই তিনটি ক্যাটাগরি হল যথাক্রমে 'HIG', 'MIG-।' ও 'MIG-।।' । প্রকাশিত এক খবর অনুযায়ী, HIG ক্যাটাগরির আবাসনের ক্ষেত্রে ১৯,৮৭,১৯৬ টাকা কাঠা প্রতি দামে প্রায় ৫.৯৮ কাঠা করে জমি বরাদ্দ করা হয়েছে। ১৬,৫৫,৯৯৭ টাকা প্রতি কাঠা দামে MIG-। ও MIG-।। ক্যাটাগরির আবাসনের জন্য যথাক্রমে ৪.০৩ কাঠা ও ৫.০১ কাঠা করে জমি বরাদ্দ করা হয়েছে।

কো-অপারেটিভ তৈরির ভিত্তিতে আবেদন করা সম্ভব
দীর্ঘ কয়েকমাস আগে মন্ত্রিসভার সিদ্ধান্তে রাজ্য সরকারি কর্মীদের এই প্লট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তা দীর্ঘদিন কার্যকর হয়নি। ভোটের মুখে কার্যত মাস্টারস্ট্রোক মমতার। নবান্নের এই সিদ্ধান্তে উপকৃত হবেন কয়েক হাজার রাজ্য সরকারি কর্মী। তবে এই প্লটের জন্যে আবেদন করতে গেলে কিছু নিয়ম মানতে হবে। জানা গিয়েছে, সরকারি কর্মীরা তাঁদের ক্যাটাগরির ভিত্তিতে কো-অপারেটিভ তৈরি করে আবেদন করতে পারবেন। প্রতিটি কোঅপারেটিভে অন্তত পক্ষে ৮ জন সদস্য থাকতে হবে বলেও নির্দেশিকাতে জানানো হয়েছে।

পুলিশের বেতন বৃদ্ধি
জাতীয় এক সংবাদমাধ্যমের বাংলা এডিশনে প্রকাশিত খবর অনুযায়ী সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার থেকে ৫২ দিনের পরিবর্তে ৬০ দিনের মূল বেতন ও মহার্ঘ ভাতা পাবেন কলকাতা ও রাজ্য পুলিশের কর্মী-আধিকারিকরা। খুব শিঘ্রই এই নির্দেশিকা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। রাজ্যের এই সিদ্ধান্তে খুশি পুলিশ কর্মীরা

৩ শতাংশ হারে মহার্ঘভাতা দেওয়ার কথা জানানো হয়
গত কয়েকদিন আগেই মহার্ঘভাতা বাড়ে রাজ্য সরকারি কর্মীদের। ৩ শতাংশ হারে মহার্ঘভাতা দেওয়ার কথা জানানো হয়। সেই সংক্রান্তও বিজ্ঞপ্তিও ইতিমধ্যে নবান্নের তরফে জারি করা হয়েছে। তবে এবার ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সিদ্ধান্ত অনুযায়ী ২ লক্ষ টাকা যাদের বেতন এবার থেকে তাঁরাও পাবেন ডিএ। কিন্তু এর আগে দীর্ঘদিন অর্থ দফতরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ২ লাখ টাকা পর্যন্ত যাদের বেতন তারাই পেতেন এই মহার্ঘভাতা। কিন্তু সেই নিয়মের বদল করে নবান্ন। নয়া নিয়ম অনুযায়ী যাঁদের বেতন ২ লাখ টাকার বেশি তারাও এবার থেকে মহার্ঘ ভাতা পাবেন বলে জানানো হয়। জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হয়েছে।












Click it and Unblock the Notifications