পাহাড় আন্দোলনে গুরুংয়ে মদত রয়েছে বিজেপির, গৌতমের সমালোচনায় বিদ্ধ দিলীপ
মোর্চার প্রতি সমর্থনের হাত বাড়িয়ে দিলীপবাবু বলেন রাজ্য পুলিশ পাহাড়ে অমানবিক ও অগণতান্ত্রিক কাজ করে চলেছে। রাজ্য প্রশাসনের কাজ সমর্থনযোগ্য নয় আদৌ। তারই জবাব দিলেন গৌতম দেব।
পাহাড় ইস্যুতে এবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে এক হাত নিলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি বলেন, 'পাহাড় বনধে সম্পূর্ণ মদত রয়েছে বিজেপির। বিজেপি রাজ্য সভাপতি সম্পূর্ণ মদত দিয়ে চলেছেন মোর্চা প্রধান বিমল গুরুংয়ের কাজকর্মে। পাহাড় আন্দোলনের শুরু থেকে বিজেপির ভূমিকা সন্দেহজনক ছিল। এখনও সেই অবস্থান জারি রেখেছেন বিজেপি রাজ্য সভাপতি।'
গৌতমবাবু বলেন, এখন বিমল গুরুংকে নিয়ে রাজ্য সরকার কঠোর অবস্থান নিয়েছে। তা মানতে পারছেন না বিজেপি রাজ্য সভাপতি। তিনি বাববার রাজ্যে সরকারের সমালোচনা করে চলেছেন। পাহাড়ে সন্ত্রাস চলছে প্রায় তিন মাস ধরে। বিজেপি সাংসদের দেখাই পাওয়া যায়নি পাহাড়ে। বিজেপি রাজ্য সভাপতিও নিশ্চুপ পাহাড়ে অশান্তির ঘটনায়। এখন মোর্চা প্রধানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতেই তিনি মুখ খুলেছেন।

গৌতমবাবু বিজেপি রাজ্য সভাপতিকে একহাত নিয়ে বলেন, সম্প্রতি রাজ্য প্রশাসনের বিরুদ্ধে নানা সমালোচনামূলক মন্তব্য করে চলেছেন দিলীপবাবু। তাঁর এইসব মন্তব্যই প্রমাণ করছে তিনি পরোক্ষে গুরুং ও তাঁর দলবলকে সমর্থন করছেন। সেই ধারা অব্যহত রয়েছে। প্রথম যেদিন পাহাড়ে আগুন জ্বলল, তার আগে কলকাতায় দিলীপবাবুর সঙ্গে বৈঠক করেছিল মোর্চা নেতারা।
ফলে বিজেপির সঙ্গে আঁতাত করেই যে, পাহাড় স্তব্ধ করে রাখা হয়েছে তা স্পষ্ট। এখন তিনি সুযোগ পেলেই মোর্চার প্রতি সহানুভূতি জানিয়ে চলেছেন। এদিনও মোর্চার প্রতি সমর্থনের হাত বাড়িয়ে দিলীপবাবু বলেন রাজ্য পুলিশ পাহাড়ে অমানবিক ও অগণতান্ত্রিক কাজ করে চলেছে। রাজ্য প্রশাসনের কাজ সমর্থনযোগ্য নয় আদৌ।












Click it and Unblock the Notifications