বাতিল বৈঠক, মোর্চা সর্বদলে যোগ দিলে পাহাড়ের অন্যদলগুলি কী করবে
জিএমসিসি-র বৈঠকের আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল মোর্চা। এখন জিএমসিসি বৈঠক বাতিল করে কী বার্তা দিতে চাইল অন্যদলগুলিকে
হঠাৎ বাতিল হয়ে গেল গোর্খাল্যাল্ড কো-অর্ডিনেশন কমিটির বৈঠক! ফলে কমিটির সদস্যরা পড়ে গেলেন ঘোর বিপাকে। তাঁরা ২৯ আগস্টে নবান্নে মুখ্যমন্ত্রীর ডাকা সর্বদল বৈঠকে উপস্থিত থাকবেন কি না তা নিয়ে চিন্তায় পড়ে গেলেন। কেননা এই বৈঠকেই চূড়ান্ত হওয়ার কথা ছিল পাহাড়ের দলগুলি সর্বদল বৈঠকে যোগ দেবে কি না।
ইতিমধ্যে মোর্চা জানিয়ে দিয়েছে, তারা মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে নবান্নে বৈঠকে যোগ দেবে। মোর্চার যুগ্ম সাধারণ সম্পাদক বিনয় তামাং-এর নেতৃত্বে পাঁচ সদস্যের টিম নবান্নে আসবে। সেই নিরীখে এদিনের জিএমসিসি-র বৈঠক গৌণ হয়ে গিয়েছিল। শুধু পাহাড়ের অন্যদলগুলি এই বৈঠকে যোগ দেবে কি না, তা নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বাকি ছিল।

এদিন জিএমসিসি-র বৈঠক বাতিল হয়ে যাওয়ায় প্রশ্ন উঠে গেল, তবে কি মোর্চার প্রয়োজন ফুরাতেই জিএমসিসি-র বৈঠক বাতিল করে দেওয়া হল? এখন বৈঠক কেন হল না- সেই কারণই খুঁজে বেড়াচ্ছেন পাহাড়ে অন্য দলগুলি। এমনকী জিএনএলএফও ধন্দে তারা কী করবেন এরপর।
এই জিএনএলএফ-ই মুখ্যমন্ত্রীকে চিঠি লেখার পর পাহাড়ের পরিস্থিতি ঘুরতে শুরু করেছিল। সেই চিঠি হাতে নিয়েই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন আগামী ২৯ আগস্ট নবান্নে সর্বদল বৈঠকে বসবেন তাঁরা। এরপর মোর্চার তরফ থেকেও চিঠি লেখা হয়। শেষমেশ শনিবার মোর্চা জানিয়ে দেয় তারা সর্বদল বৈঠকে যোগ দিতে আসছেন।
এদিন জিএমসিসি-র বৈঠক বাতিল হয়ে যাওয়ায় স্পষ্ট হয়ে গেল পাহাড় আন্দোলনের ভবিষ্যৎ আপাতত মুখ থুবড়ে পড়তে চলেছে। নবান্নে সর্বদল বৈঠকে যোগ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি আগামী দিনে পাহাড় আন্দোলনের রূপরেখা তৈরি করার জন্যই এদিন বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু সেসব কিছুই হল না।
সেইসঙ্গে পাহাড়ে বনধ তোলার সিদ্ধান্তও ঝুলে রইল। রাজনৈতিক মহল মনে করছিল, মোর্চা মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দেওয়ায় পাহাড় থেকে বনধ তুলে নেওয়া হতে পারে। কিন্তু তাও অনিশ্চিত হয়ে পড়ল। আপাতত ২৯ আগস্টের বৈঠকের পরই বনধ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
উল্লেখ্য, ২৫ আগস্ট জিএমসিসি-র বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল একদিন পর ফের বৈঠকে বসে সর্বদল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু অজানা কারণে বৈঠক বাতিল হয়ে যাওয়ায় তা অনিশ্চিত হয়ে পড়ল। এখন নিজেদেরই সিদ্ধান্ত নিতে হবে মুখ্যমন্ত্রীর ডাকে তারা সর্বদলে যাবেন কি না।












Click it and Unblock the Notifications