মহারাষ্ট্রে নির্যাতনের শিকার পরিযায়ী শ্রমিক গোপাল প্রয়াত, পরিবারের পাশে তৃণমূল
বাঙালি হওয়ার 'অপরাধে' জুটেছিল বাংলাদেশি তকমা। গ্রেফতার হয়েছিলেন। শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে এই পরিযায়ী শ্রমিক ফিরেও এসেছিলেন বাংলায়। যদিও মর্মান্তিক পরিণতি এড়ানো গেল না। আজ সকালে মারা গেলেন গোপাল মণ্ডল। তাঁর পরিবারের পাশেই রয়েছে তৃণমূল কংগ্রেস।

তৃণমূলের মুখপাত্র তথা কাউন্সিলর অরূপ চক্রবর্তী ফেসবুকে লিখেছেন, "গোলাম মণ্ডল। একজন পরিযাযী শ্রমিক। মুম্বইতে গিযে গ্রেফতার হযেছিলেন। শুধুমাত্র বাংলা বলার কারণে অত্যাচারিত হযেছিলেন। সোমবার গোলাম মণ্ডল মারা গিযেছেন।
গোলাম মণ্ডল দেশ বাঁচাও গণমঞ্চের সাংবাদিক সম্মেলনে এসেছিলেন মহারাষ্ট্র পুলিশের কাছে হেনস্থার অভিজ্ঞতার কথা জানাতে।
মহারাষ্ট্রে জেলে পুলিশের মারাত্মক নিপীড়ন, অত্যাচার তাকে অসুস্থ করে দিয়েছিল। এবার তিনি চলেই গেলেন। যে জাতির স্বজনের এই নির্মম হত্যার পরেও তারা চুপ করে বসে থাকে, সে জাতির কপালে দাসত্বই লেখা থাকে।"
জানা গিয়েছে, বাংলায় কথা বলাতেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল। জেলে চলে অত্যাচার। দেশ বাঁচাও গণমঞ্চের উদ্যোগে তিনি মুক্তি পেয়ে ফিরে এসেছিলেন হাবরার বাড়িতে। যদিও নির্যাতনের আঘাত সামলাতে পারেননি। বাড়িতে ফেরার পর অসুস্থ হয়ে পড়েন। খাওয়াদাওয়া করতে চাইছিলেন না। চিকিৎসা চলছিল। সাংসদ দোলা সেনের উদ্যোগে তাঁকে আজই কলকাতায় চিকিৎসার জন্য স্থানান্তরিত করার কথা চলছিল। কিন্তু সকালেই সব শেষ।
গোপাল যেদিন সাংবাদিক বৈঠকে এসেছিলেন সেদিনই বলেন, জেলমুক্তির পরেও বম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশনের ফাঁকা অফিসে তাঁকে রাখা হয়েছিল। কয়েকদিন পরপর বিভিন্ন ঘরে রাখা হয়। শুধু ভাত দেওয়া হতো খেতে। অন্য সময় জল খেয়েই কাটাতে হতো। আতঙ্কে খাওয়াদাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। গতকালই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। আজ তৃণমূল নেতৃত্বর গোপালের বাড়ি যাওয়ার কথা। ভিনরাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে সরব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস। পরিযায়ী শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রী শ্রমশ্রী প্রকল্প চালুও করেন। কিন্তু তার মধ্যেই এই মর্মান্তিক পরিণতি।












Click it and Unblock the Notifications