আরজি কর কাণ্ডে লজ্জিত, শিক্ষারত্ন পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন গোলাম মোস্তাফা সরকার
আরজি কর কাণ্ডের প্রতিবাদ৷ এবার রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার ফেরাচ্ছেন আরও একজন শিক্ষক। আরজি কর ঘটনায় নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে সমাজের বিভিন্ন পর্যায়ে। শিল্পী, শিক্ষকরা সরকার থেকে দেওয়া সম্মান ও পুরস্কার অর্থ ফিরিয়ে দিচ্ছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন শিক্ষক গোলাম মোস্তাফা সরকার।
মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া হাজি আলমবক্স সিনিয়র মাদ্রাসা। সেই মাদ্রাসার প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা সরকার। তিনি সম্মান ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন। মাস্টারমশাই জেলাশাসক ও স্কুল শিক্ষা দফতরে এই বিষয়ে ইমেলও করেছেন বলে খবর।

তৃণমূল সরকারের জমানায় ২০১৬ সালে ওই শিক্ষারত্ন পুরস্কার পেয়েছিলেন তিনি৷ সঙ্গে ২৫ হাজার টাকা অর্থ সম্মানও পান। টাকা ও স্মারক, দুইই তিনি ফিরিয়ে দিচ্ছেন। আরজি কর হাসপাতালে তরুণী জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছে৷ সরকারি হাসপাতালের মধ্যে এই ন্যক্কারজনক ঘটনা ঘটেছে।
এই অবস্থায় মাস্টারমশাই রাজ্য সরকারের ভূমিকায় সন্তুষ্ট হতে পারছেন না। ওই নির্যাতিতা মৃতা তরুণী চিকিৎসক তাঁর কন্যাসম। তিনিও সঠিক বিচার চাইছেন৷ প্রাতিষ্ঠানিক বিরোধিতার জন্য তিনি এই শান্ত প্রতিবাদ করছেন। পুরস্কার ফিরিয়ে তিনি প্রতিবাদ জানাচ্ছেন।
এর আগে রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন সম্মান ফিরিয়েছেন আরও দুই শিক্ষক। উত্তর ২৪ পরগনা জেলার রামশঙ্করপুর হাইস্কুলের প্রধান শিক্ষক দীপক মজুমদার এই সম্মান ফিরিয়ে দিয়েছেন৷ এছাড়াও পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক অরূপকুমার দাস এই সম্মান ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন। তিনি এখন কাঁথি দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক। বঙ্গ রত্ন সম্মান ফেরানোর কথা বলেছেন শিক্ষক পরিমল দে৷
চারুকলা পর্ষদের পদ ছেড়েছেন শিল্পী সনাতন দিন্দা৷ সদ্য কলকাতায় ফিরে পর্ষদের পদ ছেড়েছেন আরেক চারুকলা শিল্পী প্রদোষ পাল।












Click it and Unblock the Notifications