গো ব্যাক, হেস্টিংসে বিজেপি পার্টি অফিসের সামনেই কৈলাশের নামে পোস্টার
গো ব্যাক, হেস্টিংসে বিজেপি পার্টি অফিসের সামনেই কৈলাশের নামে পোস্টার
বাংলায় বিজেপির হারের পর থেকেই কোণঠাসা হতে শুরু করেছিলেন কৈলাশ বিজয়বর্গীয়। শুক্রবার তাঁর ছবি দেওয়া গো ব্যাক স্লোগান লেখা পোস্টার দেখা গেল হেস্টিংসে বিজেপির কার্যালয়ের সামনে। কৈলাশ ঘনিষ্ঠ ছিলেন মুকুল রায়। মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যোগ দিতেই কৈলাশের বিরুদ্ধে নাকি বিজেপির অন্দরে সমালোচনা শুরু হয়ে গিয়েছে। তথাগত রায় প্রকাশ্যে এই নিয়ে কৈলাশ বিজয়বর্গীয়কে নিশানা করেছেন।

কৈলাশ বিজয়বর্গীয়ের নামে পোস্টার
জল থৈ থৈ শহর। তার মাঝেই উত্তেজনার গরম হাওয়া ছড়িয়ে পড়েছে। হেস্টিংয়ে বিজেপির কার্যালয়ের সামনে পড়ল বিজেপির বাংলার পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় নামে পোস্টার। তাতে লেখা রয়েছে গো ব্যাক। গত কয়েকদিন ধরেই কৈলাশ বিরুদ্ধ হাওয়া বইছে শহরে। বিশেষ করে মুকুল রায়ের তৃণমূলে যোগদানের পরে এই হাওয়ার গতি তীব্র হয়েছে। সেই পোস্টারে কৈলাশ বিজয়বর্গীয়ের সঙ্গে মুকুল রায়ের ছবিও রয়েছে। হেস্টিংসের পার্টি অফিসের পাশাপাশি মুরলীধর লেনেও দেখা গিয়েছে সেই ছবি।

কৈলাশ বিরোধী হাওয়া
বঙ্গে ভোট পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছিল কৈলাশ বিজয়বর্গীয়কে। কৈলাশের সঙ্গে মুকুল রায়ের ঘনিষ্ঠতা ছিল বেশি। তুলনামূলক ভাবে কম ঘনিষ্ঠতা ছিল বিজেিপর রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। মুকুল রায়ের তৃণমূল কংগ্রেসে যোগ দানের পরেই কৈলাশ বিরোধী হাওয়া বিজেপিতে জেগে উঠেছে। এই নিয়ে প্রকাশ্যে তথাগত রায় টুইটও করেছিলেন কৈলাশ বিজয়বর্গীয়কে নিশানা করে।

কৈলাশকে সরানোর ইঙ্গিত
বাংলায় বিজেপির শোচনীয় হারের পরেই দায় উঠতে শুরু করেছে কৈলাশের। সূত্রের খবর কৈলাশ বিজয়বর্গীয়কে সরানো হতে পারে বাংলার পর্যবেক্ষকের দায়িত্ব থেকে। এমনকী বিজেপির রাজ্য সভাপতি বদলেরও জল্পনা শুরু হয়েছে। বিজেপি নাকি মহিলা কোনও নেত্রীকে চাইছে বাংলার রাজ্য সভাপতি পদে। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ
তৃণমূল কংগ্রেস এই পোস্টার দিয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। তবে তৃণমূল কংগ্রেসের দাবি এটা তৃণমূল কংগ্রেস দেয়নি। বিজেপির অন্তর্দ্বন্দ্বের কারণেইএই পোস্টার পড়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। তবে অন্তর্দ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছে।












Click it and Unblock the Notifications