ফের দার্জিলিংয়ে ঢুকে অশান্তির ছক গুরুংয়ের, সংগঠন ধরে রাখতে প্রকাশ্যে জনসভার ইঙ্গিত
বিমল গুরুং ফের এইমাসের শেষে দার্জিলিংয়ে ঢুকতে পারে বলে খবর ইন্টেলিজেন্স সূত্রে।
পলাতক গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো বিমল গুরুং ফের এইমাসের শেষে দার্জিলিংয়ে ঢুকতে পারে বলে খবর ইন্টেলিজেন্স সূত্রে। বিমল কিছুতেই পুলিশের হাতে ধরা দিতে রাজি নয়। অক্টোবরের ৩০ তারিখের আগেই সে দার্জিলিংয়ে ঢোকার চেষ্টা করবে বলে পুলিশ সূত্র বলছে।

গোয়েন্দারা বলছেন, দলের মধ্যে তার বিরুদ্ধে আওয়াজ ওঠা মেনে নিতে পারছে না গুরুং। যার ফলে আরও আগ্রাসী হয়ে উঠেছে। নিজের সামনে পিছনে মানুষের দেওয়াল তুলে ঘুরছে সে। ফলে তাকে কোথাও দেখা গেলেও পুলিশ প্রয়োজনে গুলি চালাতে পারবে না।
গুরুং মনে করছে সে এখনও পাহাড়ের সর্বেসর্বা। আর সেটা জানান দিতেই দার্জিলিংয়ে প্রকাশ্যে আসতে চাইছে সে। মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে চাইছে কীভাবে গোর্খাল্যান্ডের জন্য আওয়াজ তোলায় তাকে বলির পাঁঠা বানানো হয়েছে।
গত শুক্রবার পাহাড়ে গোর্খাল্যান্ড আর্মড পার্সোলেন বা বিমল গুরুং বাহিনীর হাতে রাজ্য পুলিশের এসআই অমিতাভ মল্লিকের প্রাণ গিয়েছে। ইন্টেলিজেন্স সূত্রে খবর পাওয়ার পরও মাত্র ২০ জন পুলিশকে বুলেট প্রুফ জ্যাকেট ছাড়া পাঠানো হয়েছিল। ওদিকে ১৭০ জন গোর্খা বাহিনীর হাতে ছিল একে৪৭ এর মতো অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র।
এই ঘটনার পর দার্জিলিং থেকে গোর্খা বাহিনীর ডেরা থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শনিবার গুরুংয়ের আর্থিক সাহায্য করা এক ব্যবসায়ীর তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি গুরুং ঘনিষ্টদের জেরা করে পাহাড়ে কীভাবে অশান্তির ছক কষা হয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ।












Click it and Unblock the Notifications