পার্টি অফিসে মহিলাকে আশ্রয় দিয়ে দিনের পর দিন ধর্ষণ, গ্রেফতার সিপিএম নেতা
প্রত্যেক দুপুরে অন্য সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে পার্টি অফিসে এসে তাঁর উপর শারীরিক নিপীড়ন চালাত রইসউদ্দিন। বিষয়টি জানাজানি হলে তাঁকে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ
দক্ষিণ ২৪ পরগনা, ২৩ ডিসেম্বর : মহিলাকে পার্টি অফিসে আশ্রয় দিয়ে টানা এক বছর ধরে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল সিপিএমের জোনাল কমিটির সম্পাদকের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর এক নম্বর জোনাল কমিটির সিপিএম সম্পাদক রইসউদ্দিন মোল্লাকে গ্রেফতার করল পুলিশ। কয়েকদিন আগেই মহিলাকে পার্টি অফিস ছেড়ে যেতে বলা হয়।
গতকাল মথুরাপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় সিপিএম নেতাকে।
এক বছর আগে পারিবারিক গন্ডগোলের জেরে ঘর থেকে বের করে দেওয়া হয় এক মহিলাকে। সেই মহিলার আশ্রয় হয় মথুরাপুর পার্টি অফিসে। তাঁকে সাহায্যের আশ্বাস দিয়ে পার্টি অফিসে নিয়ে এসেছিলেন রইসউদ্দিনই। তাঁকে পার্টি অফিসেই থাকতে বলা হয়। সেইমতো পার্টি অফিসেই থাকতেন তিনি।

ওই মহিলার অভিযোগ, প্রত্যেক দুপুরে অন্য সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে পার্টি অফিসে এসে তাঁর উপর শারীরিক নিপীড়ন চালাত রইসউদ্দিন। বিষয়টি জানাজানি হলে তাঁকে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই কয়েকদিন আগে ওই মহিলাকে চলে যেতে বলা হয়।
ওই মহিলা অফিস ছেড়ে চলে যায়। এরপরই সোজা থানায় গিয়ে রইসউদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন ওই মহিলা। রইসউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত রইসউদ্দিন পাল্টা চক্রান্তের অভিযোগ করেছেন।












Click it and Unblock the Notifications